শ্রমিক অসন্তোষ না কমলে কারখানা বন্ধ
বিজিএমইএর বিশেষ সভা শনিবার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আজ বৃহস্পতিবারের মধ্যে শ্রমিক অসন্তোষ বন্ধ না হলে শ্রম আইন অনুযায়ী কারখানার বন্ধ করে দেওয়ার পথে হাঁটবেন গার্মেন্ট মালিকরা। শুধু তাই নয়, অস্থিরতা অব্যাহত থাকলে নিম্নতম মজুরি বোর্ডের আলোচনায়ও অংশ না নেওয়ার চিন্তা করছেন তারা। শনিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এতে বিজিএমইএর সাবেক নেতা ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হক, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, ড. রুবানা হক প্রমুখ।
বৈঠকে উপস্থিত একাধিক বিজিএমইএ নেতা যুগান্তরকে জানান, বৃহস্পতিবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরে না এলে শনিবার বিশেষ সাধারণ সভা ডেকে পরবর্তী করণীয় ঠিক করা হবে। কেননা কারখানায় আন্দোলন-সংঘাত চলতে থাকলে শিল্পের স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
তারা জানান, শ্রমিক অসন্তোষ চলমান থাকলে নিম্নতম মজুরি বোর্ডের আগামী সোমবারের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি উপস্থিত থাকবেন কিনা সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে ভিন্ন মত পাওয়া গেছে। শনিবার এ বিষয় চূড়ান্ত হবে। বিজিএমইএ সূত্র জানায়, বুধবারও সাভার-আশুলিয়া ও গাজীপুরের ১৫৬টি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে সাভার-আশুলিয়া এলাকার ১৪০টি কারখানা রয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ, কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনা ঘটছে।
