ফাইন্যান্স কোম্পানি
দুর্নীতিবাজরা বড় তিন পদে নিয়োগ পাবেন না
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানিগুলোর বড় তিনটি পদে জনবল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নতুন বিধিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতিষ্ঠানগুলোর প্রধান আর্থিক কর্মকর্তা, প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা ও কোম্পানি সচিব নিয়োগের ক্ষেত্রে এই বিধিমালা অনুসরণ করতে হবে। বিধিমালায় এসব পদে নিয়োগের যোগ্যতা ও উপযুক্ততার মানদণ্ড তুলে ধরা হয়েছে। নতুন বিধি অনুযায়ী দুর্নীতি, জাল জালিয়াতি, নৈতিক স্খলন ও ঋণখেলাপি ব্যক্তিরা এসব পদে নিয়োগের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্য হবে। ফাইন্যান্স কোম্পানিগুলোর ক্ষেত্রে এই প্রথমবারের মতো এ নির্দেশনা জারি করল। এর আগে এসব প্রতিষ্ঠানের এমডি, পরিচালক, উপদেষ্টা ও পরামর্শক নিয়োগের জন্য আলাদা বিধি জারি করে।
সার্কুলারে বলা হয়, আর্থিক খাত এখন নতুন নতুন ব্যবসায়িক, আইনি ও তথ্য প্রযুক্তিগত ঝুঁকির মুখোমুখি হচ্ছে। এতে প্রতিষ্ঠানগুলেঅর প্রধান আর্থিক কর্মকর্তা, প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা ও কোম্পানি সচিব নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞ ও দক্ষতাকে প্রধান মনদণ্ড হিসাবে বিবেচনা করতে হবে। তা না হলে ঝুঁকি মোকাবেলা করা কঠিন হবে। কারণ এসব পদগুলো প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কোনো কর্মকর্তা ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডিত হলে, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কোনো বিধিমালা, প্রবিধান বা নিয়মাচার বা আইনের কোনো বিধান লঙ্ঘনজনিত কারণে দণ্ডিত হলে তিনি এসব পদে নিয়োগ পাবেন না। এছাড়া কোনো ব্যক্তি দুর্নীতি, জালজালিয়াতি, নৈতিক স্খলনজনিত কারণে চাকরিচ্যুত হলে তিনিও এসব পদে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন। চাকরির ক্ষেত্রে এসব পদপ্রত্যাশী ব্যক্তিকে উন্নত রেকর্ডের অধিকারী হতে হবে। ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিতে চাকরির সময়ে তিনি কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে নিশ্চিত করতে হবে। এছাড়া ঋণখেলাপি বা আলাদাতের মাধ্যমে দেউলিয়া ঘোষিত হলেও এসব পদের অযোগ্য হবেন। তিনি কোম্পানিতে কর্মরত যে কোম্পানির সঙ্গে তার স্বার্থসংশ্লিস্ট কোনো কার্যক্রম নেই বলে নিশ্চিত হতে হবে।
সার্কুলারে আরও বলা হয়, প্রধান আর্থিক কর্মকর্তা, প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা ও কোম্পানি সচিব পদ হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মকর্তা। তাদের চুক্তিভিত্তিক বা নিয়মিত ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে। এসব অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে নিয়োগ দিতে হলে তা সর্বোচ্চ ৩ মাস দেওয়া যাবে। তিন মাসের মধ্যে অবশ্যই এসব পদে স্থায়ী কর্মকর্তা নিয়োগ দিতে হবে।
এসব পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন নেওয়া প্রয়োজন নেই। তবে প্রতিষ্ঠানের পর্ষদ কর্তৃক অনুমোদিত হতে হবে।
