দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : রিজভী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
রিজভী বলেন, যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনোই টিকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে অর্থ পাচার ও নানা মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার মতো ঘটনাও ঘটানো হয়েছে। তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যখন জনগণের পিঠ দেওয়ালে ঠেকে যায় এবং কিছুই করার থাকে না, তখনই বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আকাক্সক্ষা থেকেই সাধারণ সিপাহি ও জনতা রাজপথে নেমে এসেছিল। সেই বিপ্লবের মধ্য দিয়েই বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল। একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইতিহাসের বিভিন্ন উদাহরণ টেনে রুহুল কবির রিজভী বলেন, জার্মানিতে হিটলারের শাসনামলে যেমন অনেক প্রখ্যাত দার্শনিক ও সাহিত্যিক ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, বাংলাদেশেও তেমনি অনেক পরিচিত বুদ্ধিজীবী বিগত স্বৈরাচারী সরকারের পক্ষে কাজ করেছেন।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসাবে বক্তব্য দেন অর্থনীতিবিদ ও জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ। এদিকে দেশজুড়ে পতিতদের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিল পূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে রিজভী বলেন, ফ্যাসিস্টরা গাড়িতে আগুন ও পুলিশ বক্সে আগুন দিচ্ছে। ওরা নাকি হত্যাকারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। এ দেশের মানুষ ওদেরকে প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুবদলের ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল ইসলাম, মৎস্য দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
