খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার রূপসায় জাকির হোসেন (৪৩) নামে এক ইট-বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই। বৃহস্পতিবার রাতে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বল্পবাহিরদিয়ার হিরকের দোকানে বসে থাকা অবস্থায় রাত ১০টার দিকে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে জাকিরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ওসি মাসুম খান বলেন, দুর্বৃত্তরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে। গুলির পর তারা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা জাকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পেশায় একজন ইট-বালু ব্যবসায়ী ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
