Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ঋণের চাপ সামলাতে দেশে হচ্ছে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

আসছেন ৩০ দেশের শতাধিক প্রতিনিধি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সরকারি ঋণের বোঝা বাড়ছে। প্রতিনিয়ত বাড়ছে সুদ-আসল পরিশোধের চাপও। বাজেট ঘাটতি মেটানো থেকে শুরু করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন-সব ক্ষেত্রেই ঋণের ওপর নির্ভরতা বাড়ায় ভবিষ্যৎ পরিশোধ সক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। এমন পরিস্থিতিতে ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমানো এবং অর্থায়নের বিকল্প উৎস খুঁজতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ। আগামী ১৫-১৬ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠেয় এ সম্মেলনে ৩০ দেশের প্রায় ১০০ প্রতিনিধি অংশ নেবেন।

কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে অর্থ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘পাবলিক ডেট ম্যানেজমেন্ট ইন আ চেঞ্জিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সম্মেলনে বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়, ঋণ ব্যবস্থাপনা দপ্তর, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্মেলনের মূল লক্ষ্য সরকারি ঋণ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়, ঋণের স্থায়িত্ব নিশ্চিত করা এবং বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানো। বিশেষ করে ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য রক্ষা, ঋণের মেয়াদ ও সুদের হার নির্ধারণ এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হবে। এডিবির ওয়েবসাইটে বলা হয়েছে, সংস্থাটি আঞ্চলিক কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় এ ধরনের সম্মেলন আয়োজনে সহায়তা করছে। এর মাধ্যমে সদস্য দেশগুলোর সরকারি ঋণ ব্যবস্থাপকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ঋণ ব্যবস্থাপনার আন্তর্জাতিক মানদণ্ড, নতুন কৌশল ও সুষ্ঠু ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হয়। এর ফলে দেশগুলোর ঋণ ব্যবস্থাপনা আরও কার্যকর ও সহনশীল করার সুযোগ তৈরি হয়। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের পরিবর্তিত ঋণ টেকসই বিশ্লেষণ কাঠামো, সরকারি বিনিয়োগে বেসরকারি পুঁজি আকৃষ্ট করা, ঋণের তথ্য ব্যবস্থাপনায় সমন্বয় এবং পৃথক ঋণ ব্যবস্থাপনা দপ্তর (ডেট ম্যানেজমেন্ট অফিস) প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পাবে।

বাড়ছে ঋণ পরিশোধের চাপ : ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খোঁজার অন্যতম কারণ হচ্ছে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ১৩৫ কোটি ১২ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ ব্যয় বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ। বিপরীতে একই সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ ও অনুদান মিলিয়ে ছাড় হয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ডলার। অর্থাৎ নতুন বৈদেশিক সহায়তা ছাড়ের তুলনায় ঋণ পরিশোধে ব্যয় হয়েছে দ্বিগুণের বেশি অর্থ। এ পরিস্থিতিতে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে শুধু অর্থের জোগান নিশ্চিত করলেই চলবে না। ঋণের সুদের হার, পরিশোধের সময়সীমা, মুদ্রার ধরন এবং ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা আয়ের সক্ষমতা বিবেচনায় নেওয়া জরুরি। বিশেষ করে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হলে বৈদেশিক ঋণের টাকার অঙ্কে পরিশোধ ব্যয় বেড়ে যায়।

সার্বভৌম বন্ডে অর্থায়নের পরিকল্পনা : এদিকে প্রচলিত উন্নয়ন সহযোগীদের ঋণের বাইরে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ইস্যু করে ৫০ কোটি থেকে ১০০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ডলারে বন্ড ছাড়ার পাশাপাশি জাপানি ইয়েনে সামুরাই বন্ড এবং চীনা ইউয়ানে পান্ডা বন্ড ইস্যুর সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। এজন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং নিউইয়র্ক, লন্ডন ও হংকংয়ের মতো আর্থিক কেন্দ্রে রোডশোর পরিকল্পনা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের হার কম হলেই তা সাশ্রয়ী হবে না। সংশ্লিষ্ট মুদ্রার বিনিময় হার, ঋণের মেয়াদ ও ভবিষ্যৎ পরিশোধের সক্ষমতাও বিবেচনায় নিতে হবে। যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা ছাড়া বৈদেশিক মুদ্রায় ঋণ গ্রহণ ভবিষ্যতে সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।

ঋণ ব্যবস্থাপনায় পৃথক দপ্তরের সুপারিশ : ঋণ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করাও সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয়। ২০২৫ সালের ৩ নভেম্বর অর্থ বিভাগে অনুষ্ঠিত এক কর্মশালায় আইএমএফ ও বিশ্বব্যাংকের যৌথ কারিগরি সহায়তা মিশন বাংলাদেশে সমন্বিত ডেট ম্যানেজমেন্ট অফিস প্রতিষ্ঠার সুপারিশ করে। বর্তমানে সরকারের ঋণ গ্রহণ, তথ্য সংরক্ষণ ও পরিশোধ ব্যবস্থাপনার দায়িত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে বিভক্ত। এতে সমন্বিত ঋণ কৌশল তৈরি ও ঝুঁকি মূল্যায়নে জটিলতা তৈরি হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত

দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : রিজভী

দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : রিজভী

ঋণের চাপ সামলাতে দেশে হচ্ছে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

ঋণের চাপ সামলাতে দেশে হচ্ছে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

ফাইন্যান্স কোম্পানি দুর্নীতিবাজরা বড় তিন পদে নিয়োগ পাবেন না

দুর্নীতিবাজরা বড় তিন পদে নিয়োগ পাবেন না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম