আজানকে শিল্প করার প্রস্তাব
স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি’
জাতীয় সংসদ অধিবেশন
সংসদ প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অভিন্ন সুরে আজানকে প্রাতিষ্ঠানিক শিল্প হিসাবে প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার প্রস্তাব দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য বীথিকা বিনতে হোসাইন। তিনি বলেন, আজান একটি সুন্দর শিল্প। কিন্তু এর কোনো প্রাতিষ্ঠানিক চর্চা বা প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় যে যেভাবে ইচ্ছা আজান দিয়ে থাকেন। ফলে আজানের এই শিল্পসৌন্দর্য প্রতিষ্ঠিত হচ্ছে না।
মঙ্গলবার জাতীয় সংসদে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ বিষয়ে কথা বলেন বীথিকা বিনতে হোসাইন। তিনি বলেন, বাংলাদেশ মুসলিম-অধ্যুষিত দেশ। ঢাকাকে মসজিদের শহর বলা হয়। মসজিদ থেকে প্রতিদিন আজানের ধ্বনি শোনা যায়। আজানের অর্থও অত্যন্ত সুন্দর। এর মাধ্যমে কল্যাণ ও মুক্তির পথে আহ্বান জানানো হয়।
আজান এত সুন্দর একটি শিল্প, কিন্তু সেটি প্রতিষ্ঠিত হচ্ছে না। এ অবস্থায় আজানদাতা মুয়াজ্জিন ও খতিবদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা অন্য কোনো মাধ্যমে আজানের শিল্পরূপ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, আপনার প্রশ্ন বুঝলাম না। মাননীয় মন্ত্রী, আপনি বুঝে থাকলে উত্তর দেন। পরে মন্ত্রী বলেন, আসলে প্রশ্নটা আমার কাছেও স্পষ্ট নয়। তবে তিনি নোটিশ দিলে আমি এর উত্তর দিতে চেষ্টা করব।
