Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ভাঙ্গায় আ.লীগের ককটেলে কৃষকদল নেতা নিহত

রাজধানীসহ বিভিন্ন স্থানে বাস-অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ * সাঁথিয়ায় পরিত্যক্ত স্কুলকক্ষে ৭৭ ককটেল * রাজশাহী ও বরিশালে ৯ বিদেশি পিস্তল উদ্ধার, ঢাকায় গ্রেফতার ৬৫

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা নামে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাস, পুলিশ বক্স, পাসপোর্ট অফিস, গ্রামীণ ব্যাংক ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাবনার সাঁথিয়ায় পরিত্যক্ত স্কুলকক্ষ থেকে ৭৭টি ককটেল ও গানপাউডার উদ্ধার করা হয়েছে। রাজশাহী ও বরিশালে উদ্ধার হয়েছে ৯টি বিদেশি পিস্তল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে ও ঢাকার ধামরাইয়ে ককটেল বিস্ফোরণে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। নাশকতা প্রতিরোধে রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ফরিদপুর ও ভাঙ্গা : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। মঙ্গলবার রাত সোয়া ৯টায় ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রাত সাড়ে ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টায় হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের একটি মিছিল শুরু হয়। পরে বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেন এবং ১২-১৫ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। একপর্যায়ে সেখানে রাজু মোল্লাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টার দিকে সেখানে তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাজুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। উপজেলা কৃষকদলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা : মঙ্গলবার রাত পৌনে ৯টায় মিরপুর-১২ নম্বরের পল্লবী সিরামিক রোডে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ৯টায় তিতুমীর কলেজের সামনেও একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৮টায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের কাঁচাবাজারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। রাত সোয়া ৯টায় বনানীর ১১ নম্বর সড়কে ট্রাফিক পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।

এদিন রাত সোয়া ১০টায় বাড্ডার হোসেন মার্কেটের সামনে এবং সোয়া ১১টায় রামপুরা ব্রিজে দুটি বাসে আগুন দেওয়া হয়। রাত পৌনে ১০টায় আসাদগেটে দুটি, বসিলা এসআরবি-২ কার্যালয়ের সামনে একটি, রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে একটি এবং তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। শ্যামলীতে ককটেল বিস্ফোরণের চেষ্টা করলে তিনজনকে আটক করে জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

যাত্রাবাড়ীর সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এখন টেলিভিশন কার্যালয়ের সামনেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে দুটি এবং রাত সাড়ে ১১টায় মহাখালী বাস টার্মিনালের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে দুপুরে মালিবাগ চৌধুরীপাড়া ও মালিবাগ রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে।

সোমবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গেটে ফ্লাইওভার থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে চার পথচারী আহত হন।

একই রাতে উত্তরার জসীমউদ্দীন এলাকায় ফুটপাতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের ফটকেও আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় নাশকতা প্রতিরোধে রাজধানীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সাভারের আমিনবাজারের অদূরে মধুমতি মডেল টাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিংয়ে রাখা একটি বাসে সোমবার রাত ২টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

ধামরাইয়ে পুলিশ তদন্ত কেন্দ্র, বাজার ও ব্র্যাক কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ডেকোরেশন মিস্ত্রি মোহাম্মদ আব্দুল হালিমের হাত ঝলসে যায়। সোমবার রাতে উপজেলার কাওয়ালীপাড়া, মহিষাসী বাজার ও ব্র্যাক কার্যালয়ে এসব বিস্ফোরণ ঘটে।

গাইবান্ধা : সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পাশে সোমবার সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনার পর বিক্ষোভ মিছিল করেন বিএনপি নেতাকর্মীরা।

রাজশাহী ও রাবি : রাজশাহীতে সোমবার সন্ধ্যায় একটি বাসের মালামাল রাখার বক্সে ফলের কার্টনের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে চেকপোস্টের খবর পেয়ে সন্দেহভাজন এক যাত্রী বাস থেকে নেমে পালিয়ে যান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটে। সেখান থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান এ তথ্য জানান। তিনি আরও বলেন, কাল ক্যাম্পাস বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু।

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া শহরের রহমতপুরে মঙ্গলবার ভোরে গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

নারায়ণগঞ্জ : ফতুল্লার মাসদাইর এলাকায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার রাতে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুবলীগ নেতা মো. হাসান, সামসুজ্জামান জামান, সোহেল ও আব্দুল বারিক ইসলাম হৃদয়।

এ ছাড়া ফতুল্লার কাশীপুরে সোমবার রাত দেড়টায় গ্রামীণ ব্যাংকের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ফটকের সামনে আগুন ধরে যায়।

নাটোর ও বাগাতিপাড়া : বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের প্রধান ফটকে সোমবার গভীর রাতে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষ থেকে মঙ্গলবার ভোরে ৭৭টি ককটেল ও গানপাউডার উদ্ধার করা হয়েছে।

বরিশাল : গৌরনদী উপজেলার বামরাইল এলাকার শাহি পার্কে সাবেক আওয়ামী লীগ নেতার আস্তানা থেকে মঙ্গলবার সকালে সাতটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট : পর্যটকবাহী দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মহানগরের এয়ারপোর্ট থানার নতুনবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন-সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ, আব্দুল কাদির বাপ্পি, মো. সৈয়দ শাকীব ও মো. জাহেদ।

নেত্রকোনা : বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানা যায়। বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর : মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভাঙ্গায় আ.লীগের ককটেলে কৃষকদল নেতা নিহত

ভাঙ্গায় আ.লীগের ককটেলে কৃষকদল নেতা নিহত

জাতীয় সংসদ অধিবেশন রামিসা হত্যায় বিচার সম্পন্ন হাদি হত্যারও হবে: আইনমন্ত্রী

রামিসা হত্যায় বিচার সম্পন্ন হাদি হত্যারও হবে: আইনমন্ত্রী

আইনজীবীর ওপর হামলা যুবদল নেতা নয়নকে গ্রেফতার দাবি জামায়াত এমপির

যুবদল নেতা নয়নকে গ্রেফতার দাবি জামায়াত এমপির

আজানকে শিল্প করার প্রস্তাব স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি’

স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম