চার দিবস ঘিরে বিএনপির কর্মসূচি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডিসেম্বরে জাতীয় ও দলীয় চারটি দিবস ঘিরে ব্যাপক কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। এর মধ্যে একটি ১৪ ডিসেম্বর জাতীয় বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী। এসব দিবস যথাযথভাবে পালনের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজধানীর নয়াপল্টনে বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। পাশাপাশি ওই মাসে দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেওয়া হবে। এছাড়া দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসাবে ২৫ ডিসেম্বর দিবসটি দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যৌথ সভা ও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন এমপি, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ এমপি, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইয়েদুল আলম বাবুল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপি, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।
