Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বহিষ্কৃত হেভিওয়েট নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দল থেকে বহিষ্কৃত ত্যাগী ও হেভিওয়েট নেতাদের ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। বিশেষ করে গেল নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হয়েছেন এবং পরে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন-তাদের বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে দলটির হাইকমান্ড। এ বিষয়ে আগামী স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো এবং সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নিয়েছে বিএনপি। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই পর্যায়ক্রমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হতে পারে। ইতোমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ৭ জনের মধ্যে ৬ জন সংসদ-সদস্যের বিষয়েও ইতিবাচক সাড়া দিয়েছেন দলটির নীতিনির্ধারকরা। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য যুগান্তরকে বলেন, বিভিন্ন কারণে বহিষ্কার হলেও দলে তাদের অনেক ত্যাগ রয়েছে। স্থানীয় পর্যায়ে সবারই জনপ্রিয়তা আছে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলেও পরবর্তীতে ভুল বুঝতে পেরে তারা বিএনপি চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন, যা পর্যালোচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তী স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

দলীয় সূত্র জানায়, আগামীকাল শনিবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি দলের সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি, স্থানীয় সরকার নির্বাচনসহ বহিষ্কৃত নেতাদের বিষয়টি আলোচনায় উঠতে পারে। সব ঠিক থাকলে পরবর্তী সময়ে নির্বাচিত ৬ সংসদ-সদস্যসহ অন্যান্য বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হবে।

জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্ট বিভক্তি স্থানীয় নির্বাচনে যেন নতুন করে প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক দলটির নীতিনির্ধারকরা। একই সঙ্গে সরকার পরিচালনার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমেও গতি ধরে রাখতে চান তারা। তবে বেশকিছু এলাকার সংসদ-সদস্য তাদের বিদ্রোহী প্রার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার চান না বলেও জানান দলটির নেতাকর্মীরা।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আর নীতিগত কোনো জটিলতা নেই। কারও কারও ক্ষেত্রে ইতোমধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। অন্যদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত কার্যকর হবে। তবে প্রত্যেকের রাজনৈতিক ভূমিকা, বহিষ্কারের কারণ এবং স্থানীয় সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূলের অন্তত ৭০ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাব প্রতিদ্বন্দ্বিতা করেন। ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। অন্যদিকে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তৃণমূলের আরও অর্ধ সহস্রাধিক নেতাকে সাংগঠনিক শাস্তি দেওয়া হয়। পরে তাদের অধিকাংশই বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেন। ইতোমধ্যে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্র। সবশেষ মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন।

জাতীয় নির্বাচনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হন। তারা হলেন-ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল এবং এজেডএম রেজওয়ানুল হক। এছাড়া বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন, সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইফুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের হেভিওয়েট নেতা।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে সংসদ-সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল যুগান্তরকে বলেন, ‘বিভিন্নভাবে শুনেছি। তবে বিএনপি চেয়ারম্যান আমাদের অভিভাবক, তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটাই মাথা পেতে নেব। বহিষ্কারাদেশ প্রত্যাহার হলে এলাকার সাংগঠনিক বলয় বৃদ্ধি পাবে। নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব।’

দলীয় সূত্র বলছে, জাতীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের অনেকে উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। স্থানীয় পর্যায়ে তাদের নিজস্ব কর্মী-সমর্থকও রয়েছেন। বহিষ্কৃত হলেও রাজনৈতিক ও সাংগঠনিকভাবে তারা নিষ্ক্রিয় হয়ে পড়েননি। ফলে তাদের বাইরে রেখে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির জন্য কঠিন হতে পারে। অনেক এলাকায় একই দলের একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন। এ অবস্থায় বিরোধ মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রাখার উদ্যোগ নিচ্ছে বিএনপি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বহিষ্কৃত হেভিওয়েট নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি

বহিষ্কৃত হেভিওয়েট নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদ রাজধানীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ-অবস্থান

রাজধানীতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ-অবস্থান

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৩৫

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৩৫

চার দিবস ঘিরে বিএনপির কর্মসূচি

চার দিবস ঘিরে বিএনপির কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম