মূসক ও শুল্ক নিয়ে পেট্রোবাংলা ও এনবিআরের বিরোধ
অর্থমন্ত্রীর হস্তক্ষেপে সমাধান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলার সঙ্গে প্রায় ৯ হাজার কোটি টাকার মূসক এবং সম্পূরক শুল্ক নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও এনবিআরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে ১৮ নভেম্বর পেট্রোবাংলার সব ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ (ফ্রিজ) করে দেয় এনবিআর। এতে হুমকির মুখে পরে এলএনজি আমদানি। বিরোধ মীমাংসার জন্য অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরীকে হস্তক্ষেপ করতে হয়। রোববার তিনি দুই সংস্থার কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। দেশের স্বার্থে পেট্রোবাংলার সব অ্যাকাউন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। এর পরই বিকালে পেট্রোবাংলার সব অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়।
এনবিআরের ভাষ্য, ২০০৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত ৮ হাজার ৯৪৭ কোটি ৭৮ লাখ টাকা বকেয়া রেখে দিয়েছে পেট্রোবাংলা। কিন্তু পেট্রোবাংলা বলছে, এই দাবি অতিরিক্ত।
বিরোধের একপর্যায় ৯ হাজার কোটি টাকা দাবিতে এনবিআর ১৮ নভেম্বর পেট্রোবাংলার সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলে বিপাকে পড়ে সংস্থাটি। এ কারণে এলএনজি আমদানির কোনো বিল দিতে পারছিল না পেট্রোবাংলা।
সূত্র জানায়, বৈঠকে আপাতত এনবিআরকে সাড়ে তিন হাজার কোটি টাকা দিতে সম্মত হয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি (পেট্রোবাংলা) জানায়, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে গ্যাস বিক্রি করে বেশ লোকসান হচ্ছে তাদের। প্রতি ইউনিট (দেশি ও আমদানি করা গ্যাসের মিশ্রণ) গ্যাসের দাম পড়ছে ৫২ টাকা ১৮ পয়সা। আর বিক্রি করা হচ্ছে ২৩ টাকা ৯০ পয়সা। অর্থাৎ প্রতি ইউনিটে লোকসান ২৮ টাকা ২৮ পয়সা। গত অর্থবছরে প্রতি ইউনিট গ্যাস সরবরাহ ব্যয় ছিল ৪৬ টাকা ২৫ পয়সা। আর বিক্রি করা হয়েছে ২৩ টাকা ৯০ পয়সা অর্থাৎ প্রতি ইউনিটে সরকারের লোকসান হয়েছে ২২ টাকা ৩৫ পয়সা। আর ২০২৩-২৪ অর্থবছরে এলএনজি আমদানি করে লোকসান দেওয়া হয়েছিল ৬ হাজার কোটি টাকার মতো। গত অর্থবছরে (২০২৪-২৫) লোকসান হয়েছে ১৩ হাজার ২৭৭ কোটি টাকা।
