এত কিছুর পরও শান্তভাবে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: রিজভী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও নানা ধরনের মিথ্যা তথ্য তৈরির মাধ্যমে দেশে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার দাবি, একটি চক্র দেশে আবারও অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে তা সফল হবে না। এত কিছুর পরও বর্তমান সরকার শান্ত ও স্থিরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে। এছাড়া তিনি বলেন, গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি মুছে যায়নি।
রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘চির ভাস্বর শহীদ জিয়া’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকৃতি-প্রত্যয় প্রকাশনার আয়োজনে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক হীরা সোবাহান লিখিত বইটির মোড়ক উন্মোচন করা হয়।
রিজভী বলেন, দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, ভারত ও ব্যাংককসহ বিভিন্ন স্থানে যারা পালিয়ে আছেন, সেখান থেকে এআই প্রযুক্তির মাধ্যমে নানা ধরনের অসত্য প্রচারণা চালানো হচ্ছে। অতীতে যেভাবে ইতিহাস ও তথ্য বিকৃত করে একটি একমাত্রিক রাষ্ট্রব্যবস্থা তৈরির চেষ্টা হয়েছিল, এখনো সেই একই কায়দায় ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত কয়েক দিনে নড়াইল ও ফরিদপুরের ভাঙ্গায় হরতালের নামে তাণ্ডব চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, তার সঙ্গে কারাবাস করা মনির নামে এক কর্মীকে গুম করা হয়েছে এবং গোপালগঞ্জেও কয়েকজন ব্যক্তিকে গুম করে মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে। গুমের যে প্রবণতা তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি মুছে যায়নি।
তিনি বলেন, বর্তমান সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অপরাধী ও সন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গ্রেফতার করে প্রচলিত আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতার দম্ভে ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পর্যন্ত বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল। তিনি উল্লেখ করেন, প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি উপন্যাস থেকে স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত অধ্যায় আদালতের মাধ্যমে বাদ দিতে বাধ্য করা হয়েছিল। এমনকি প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে যাওয়ায় তার বিরুদ্ধেও পাঁচটি মামলা দেওয়া হয়েছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারনিউমারারি অধ্যাপক ও বৌদ্ধতত্ত্ববিদ সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবীবুর রহমান। গ্রন্থটির ওপর আলোচনা করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম শফিউর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বইটির লেখক অধ্যাপক হীরা সোবাহান।
নেতাকর্মীরা নৈরাজ্য ঠেকাতে রাস্তায় রাস্তায় পাহারা দেবেন-রিজভী : আওয়ামী নৈরাজ্য ঠেকাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাস্তায় রাস্তায় পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জাতীয় শয়তানদের চলাচলের ওপর নজর রাখতে বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় পাহারা দেবেন।
রোববার বিকালে নয়াপল্টনে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ জাতীয় শয়তান-সংসদে এমন আইন করা উচিত। এখন থেকে তাদের জাতীয় শয়তান হিসাবে বিবেচনা করা হবে। আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই।’
