একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
কেনাকাটায় দাম নিয়ন্ত্রণের নির্দেশ প্রধানমন্ত্রীর
আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে * স্বাস্থ্য খাতে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উন্নয়ন প্রকল্পে কেনাকাটায় বাজারদরের চেয়ে অতিরিক্ত দাম দেখানোর নজির অহরহ। এই ধারা বন্ধ করতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একনেকে প্রকল্প পাঠানোর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষজ্ঞ ও মূল্য যাচাইকারী প্রতিষ্ঠানের পরামর্শ নিতে বলেছেন তিনি। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে আর্থিক অপচয় কমানো এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার ওপর গুরুতারোপ করেছেন।
বুধবার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভা শেষে রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
তিনি বলেন, দেশে প্রাতিষ্ঠানিকভাবে অতিরিক্ত ব্যয় ও পণ্যের দাম বাড়িয়ে দেখানোর যে চর্চা রয়েছে, তা বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। অতীতে এ ধরনের অনিয়মের সমালোচনা করা হয়েছে। এখন তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বড় প্রকল্পের কেনাকাটার ক্ষেত্রে মূল্য যাচাইকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দাম যাচাই করতে বলেছেন প্রধানমন্ত্রী। একনেকের আগে পরিকল্পনা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের যুক্ত করবে এবং মূল্য যাচাইকারী প্রতিষ্ঠানের পরামর্শ নেবে। এতে প্রকল্পের কেনাকাটায় পণ্যের প্রকৃত দাম নির্ধারণ ও অতিরিক্ত ব্যয় কমানোর সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে অবকাঠামো নির্মাণের সঙ্গে জনবল তৈরির সমন্বয় না থাকায় অতীতে অনেক ক্ষেত্রে হাসপাতাল নির্মিত হলেও প্রয়োজনীয় চিকিৎসক ও কারিগরি কর্মীর অভাবে সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। একটি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল থাকা প্রয়োজন হলেও সেই হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল তৈরি করা হয়নি। অনেক ক্ষেত্রে যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনার লোক পাওয়া যায়নি। সরকার এ ধরনের অসংগতি দূর করার চেষ্টা করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কয়েক দফা বৈঠক হয়েছে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা সাজাতে গিয়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন ঘাটতি চিহ্নিত করা হয়েছে। দেশের স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বর্তমানে কতজন চিকিৎসক, টেকনিশিয়ানসহ বিভিন্ন পর্যায়ের কর্মী রয়েছেন, তার হিসাব করা হচ্ছে।
তিনি বলেন, এখন একের পর এক প্রকল্প অনুমোদন দেওয়া হলেও সেগুলো বিচ্ছিন্ন কোনো উদ্যোগ নয়। বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবেই প্রকল্পগুলো নেওয়া হচ্ছে। সব প্রকল্প একসঙ্গে উপস্থাপন করা সম্ভব নয় বলে পর্যায়ক্রমে একনেকে আসছে। তবে প্রতিটি প্রকল্পের পেছনে সামগ্রিক পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা খুব শিগ্গিরই জনসমক্ষে প্রকাশ করা হবে।
জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রত্যেকটি মন্ত্রণালয়ের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা এবং বিশেষ গুরুত্বপূর্ণ কর্মসূচির অগ্রগতি নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আলোচনা করা হবে। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হবে। কোন পরিকল্পনায় কতটা অগ্রগতি হয়েছে, কোথায় ঘাটতি রয়েছে এবং কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, সবকিছু সরকার এককভাবে নির্ধারণ করতে চায় না। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
১০ প্রকল্প অনুমোদন, ফেরত দুটি : একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা; প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এছাড়া আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।
যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে। অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। তবে বরিশালে একটি সেতু নির্মাণ এবং গণগ্রন্থাগারের বহুতল ভবন নির্মাণের দুটি প্রকল্প প্রস্তাব আরও পর্যালোচনার জন্য ফেরত দেওয়া হয়েছে।
