টিআইবির গবেষণা প্রতিবেদন
আবাসন খাতে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র
রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের একাংশের যোগসাজশে অনিয়ম-দুর্নীতি * জিম্মি সাধারণ ক্রেতারা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনের একাংশের যোগসাজশে বেসরকারি আবাসন খাতে মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ চক্র ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি নীতিনির্ধারণী কাঠামোতেও প্রভাব বিস্তার করছে। ফলে আবাসন খাতে দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও প্রতারণা বাড়ছে। এতে কার্যত জিম্মি হয়ে পড়ছেন সাধারণ জমি ও প্লটের ক্রেতারা।
রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে বুধবার টিআইবি আয়োজিত ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, নাগরিকের আবাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও ক্রমবর্ধমান চাহিদা পূরণে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। এ সুযোগে বেসরকারি আবাসন উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান প্রায় এক লাখ ৩৭ হাজার কোটি টাকা। তবে এ খাতের একাংশে দুর্নীতি, হয়রানি, জবরদখল ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, গবেষণায় আবাসন খাতের সুশাসনের ছয়টি নির্দেশক-আইনের শাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, স্বচ্ছতা, অংশগ্রহণ, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, সব ক্ষেত্রেই ব্যাপক ঘাটতি পাওয়া গেছে। কিছু প্রতিষ্ঠান আইএসও বা লিড সনদপ্রাপ্ত হওয়ার দাবি করলেও সামগ্রিকভাবে তথ্য প্রকাশ ও জবাবদিহির অভাব রয়েছে।
তিনি আরও বলেন, আবাসন খাত নিয়ন্ত্রণে আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ হচ্ছে না। আইনের দুর্বলতা ও প্রয়োগের ঘাটতির সুযোগে কিছু প্রতিষ্ঠান অনিয়ন্ত্রিতভাবে ব্যবসা পরিচালনা করছে। নিয়ন্ত্রণকারী সংস্থা, প্রশাসনের একাংশ এবং ইউটিলিটি কর্তৃপক্ষের মধ্যেও স্বচ্ছতা, সক্ষমতা ও সদিচ্ছার অভাব রয়েছে। কোথাও কোথাও সংশ্লিষ্ট পক্ষগুলোর যোগসাজশে অনিয়ম ও প্রতারণা হচ্ছে।
টিআইবির গবেষণায় প্রকল্পের স্থান নির্বাচন, জমি ক্রয় ও দখল, অনুমোদন, বাস্তবায়ন এবং প্লট হস্তান্তর-প্রতিটি পর্যায়ে পদ্ধতিগত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। রাজনৈতিক ছত্রছায়া ও ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী গোষ্ঠীর সঙ্গে প্রশাসনের একটি অংশের যোগসাজশে এ মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে। কালো টাকা বৈধ করার সুযোগ সৃষ্টিতেও আবাসন খাতের প্রভাবশালী একটি অংশের ভূমিকা রয়েছে বলে জানান ড. ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, আবাসন খাতের একাংশের জবাবদিহিহীনতা, অনিয়ম ও প্রতারণার কারণে ঢাকা কংক্রিটের শহরে পরিণত হচ্ছে। এতে পরিবেশ সুরক্ষা, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই উন্নয়ন ব্যাহত হচ্ছে। কিছু প্রভাবশালী প্রতিষ্ঠান নিজেদের স্বার্থে গণমাধ্যমকে ব্যবহারের চেষ্টা করছে বলেও গবেষণায় উঠে এসেছে।
অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির গবেষক অতানু দাস। তিনি জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করে গবেষণাটি সম্পন্ন হয়েছে। ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনে নিবন্ধিত ৩৫০টির বেশি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। গবেষণায় শুধু ঢাকা শহরের বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের ভূমি উন্নয়ন কার্যক্রমের সুশাসন পর্যালোচনা করা হয়েছে।
গবেষণায় সুশাসন নিশ্চিত করতে ১৩ দফা সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে রয়েছে-রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন ও কার্যকর প্রয়োগ, রাজউক, সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং স্বাধীন তদারকি কাঠামো গঠন। পাশাপাশি গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তিতে জাতীয় পর্যায়ে নিরপেক্ষ কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। ড. ইফতেখারুজ্জামান বলেন, আবাসন খাতে নৈতিক আচরণবিধি প্রণয়ন এবং তা বাস্তবায়নে স্বাধীন কর্তৃপক্ষ গঠন জরুরি। আন্তর্জাতিক মান ও বিভিন্ন দেশের উত্তম চর্চা অনুসরণ করে সরকারের নেতৃত্বে এ উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে টিআইবি প্রস্তুত রয়েছে।
