Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বেসরকারি বিশ্ববিদ্যালয়

ভর্তি হলেই শিক্ষার্থীর তথ্য যাবে ইউজিসিতে: শিক্ষামন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরপরই তাদের তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের সনদ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে সনদ জালিয়াতি ও বিভিন্ন অনিয়ম বন্ধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির মতো অনিয়মে জড়িত। তবে সব প্রতিষ্ঠান বা শিক্ষক অনিয়ম করেন না। কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের কারণে পুরো খাতের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া যায় না। শিক্ষার মান ও সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে ভর্তি থেকে সনদ প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কেন্দ্রীয় নজরদারি প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, শিক্ষক নিয়োগ দিতে চাইলেও দ্রুত শূন্য পদ পূরণ করা সম্ভব হচ্ছে না। নিয়োগের ক্ষেত্রে এখন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট থাকলেও দ্রুত নিয়োগের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আগে শিক্ষা মন্ত্রণালয়ের হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল। এমনকি শিক্ষা সচিবেরও নিয়োগ দেওয়ার সুযোগ ছিল। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়ায় এখন নিয়োগের ক্ষেত্রে পিএসসির ওপর নির্ভর করতে হচ্ছে। পাঠ্যবই ছাপানো ও বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, এবার ৩২ কোটি বই ছাপানো হচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো নভেম্বর মাসেই দেশের সব জায়গায় বই পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তবে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে বই ছাপানোর কাজে বারবার বাধার মুখে পড়তে হয়েছে।

শিক্ষা খাতে বরাদ্দকে কোনো খরচ হিসাবে না দেখে মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ হিসাবে বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, এই বিনিয়োগের মূল লক্ষ্য হলো মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ মানুষ গড়ে তোলা।

ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য দেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গোপালগঞ্জকাণ্ডে সতর্ক নেতারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে বিশেষ নজর বিএনপির

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে বিশেষ নজর বিএনপির

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ৮ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার

৮ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র-ইসরাইলের পালটাপালটি অবস্থান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের পালটাপালটি অবস্থান

বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি হলেই শিক্ষার্থীর তথ্য যাবে ইউজিসিতে: শিক্ষামন্ত্রী

ভর্তি হলেই শিক্ষার্থীর তথ্য যাবে ইউজিসিতে: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম