গোপালগঞ্জকাণ্ডে সতর্ক নেতারা
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে বিশেষ নজর বিএনপির
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্ক হয়েছে সরকার ও বিএনপি। শুধু গোপালগঞ্জ নয়, সম্ভাব্য ঝুঁকিতে রাখা হয়েছে মাদারীপুর ও শরীয়তপুরকেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বলপ্রয়োগের পরিবর্তে ধৈর্য ও রাজনৈতিক কৌশলে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সহিংসতায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফরিদপুর সাংগঠনিক বিভাগের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে সরকারের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় নেওয়া কৌশল সম্পর্কে স্থানীয় নেতাদের অবহিত করা হয় বলে একাধিক সূত্র জানিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী ও দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, রকিবুল ইসলাম বকুল, সহসাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিমসহ ফরিদপুর বিভাগের নেতারা।
বৈঠক সূত্র জানায়, গোপালগঞ্জের ঘটনার পর মাদারীপুর ও শরীয়তপুরের পরিস্থিতিও পর্যবেক্ষণে রাখছে সরকার। দীর্ঘদিন ধরে এসব এলাকা আওয়ামী লীগ অধ্যুষিত হিসাবে পরিচিত হওয়ায় রাজনৈতিক উত্তেজনা নতুন করে সহিংসতায় রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে গোপালগঞ্জের মতো এসব জেলাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার নীতিতে চলতে চায় সরকার।
সরকার ও বিএনপির নীতিনির্ধারকদের ধারণা, কঠোর দমন-পীড়ন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বরং রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরির মাধ্যমে দীর্ঘমেয়াদে সমর্থন বাড়ানোর সুযোগ রয়েছে।
বৈঠকে উপস্থিত বিএনপির একজন নেতা রাতে যুগান্তরকে বলেন, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর দীর্ঘদিন আওয়ামী লীগের শক্তিশালী রাজনৈতিক ঘাঁটি হিসাবে পরিচিত। তবে বিগত জাতীয় নির্বাচনে এসব এলাকার অন্তত ২০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। ফলে এসব এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নির্যাতন-নিপীড়নের পথ বেছে নেওয়া ঠিক হবে না।
তার মতে, রাজনৈতিক পরিস্থিতি ও সময়ের পরিবর্তনে আওয়ামী লীগের অনেক কর্মী-সমর্থক নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারেন। এমনকি ভবিষ্যতে তাদের একটি অংশ বিএনপির দিকেও আসতে পারে। তাই এখনই সংঘাতের পথে না গিয়ে রাজনৈতিকভাবে তাদের কাছে টানার কৌশল নিতে হবে।
এদিকে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতায় সরকারি বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত ও পুড়িয়ে দেওয়ার পর সেগুলো দ্রুত সংস্কারের পথে যাচ্ছে না সরকার। স্থাপনাগুলো মেরামত করে আবারও হামলার ঝুঁকিতে ফেলার পরিবর্তে আপাতত বর্তমান অবস্থায় রাখার সিদ্ধান্তের দিকে যাচ্ছে সরকার। বিশেষ করে পুড়ে যাওয়া থানা ভবনসহ ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর সংস্কারকাজ এখনই শুরু না করার বিষয়টি আলোচনায় এসেছে। পাশাপাশি ট্রেন চলাচল বন্ধ রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দ স্থগিত রাখার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিসেম্বরের কর্মসূচি ঘিরে বাড়তি সতর্কতা : চলতি মাসের শেষদিকে এবং ডিসেম্বরজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি দলটির সভানেত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কর্মসূচি ঘোষণা করেছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ঘিরে এসব কর্মসূচি সামনে রেখে নতুন করে সহিংসতার আশঙ্কা করছে সরকার ও বিএনপি।
বিএনপির নীতিনির্ধারকদের আশঙ্কা, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে সরকারি স্থাপনাগুলো আবারও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ কারণে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করে গোপালগঞ্জের সহিংসতায় জড়িতদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে।
বৈঠকে ফরিদপুর সাংগঠনিক বিভাগের নেতাদের ডিসেম্বরজুড়ে শান্তিপূর্ণভাবে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিজয়ের মাসে দলীয় কর্মসূচি পালনের ক্ষেত্রে কোনো ধরনের উসকানি বা সংঘাতে না জড়ানোর বিষয়েও সতর্ক করা হয়েছে।
