ইরান যুদ্ধ
যুক্তরাষ্ট্র-ইসরাইলের পালটাপালটি অবস্থান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানের ওপর হামলার প্রস্তুতির কথা জানিয়েছে ইসরাইল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ উপদেষ্টার দেওয়া এক বার্তা থেকে ইঙ্গিত পাওয়া যায়-ওয়াশিংটন চায় ইসরাইল যেন আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করে; অর্থাৎ ‘যুদ্ধকালীন মানসিকতা’ থেকে সরে এসে অর্থনৈতিক কূটনীতির ওপর মনোযোগ দেয়। এ অবস্থায় উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বৃহস্পতিবার কুয়েতে হামলায় ২ ইতালীয় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানে যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের এমন বিপরীতমুখী বক্তব্যের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে তেহরান কোনো আকস্মিক হামলা চালাতে পারে-এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এমন একটি সংঘাতের ৯ মাস অতিবাহিত হলো, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন ঘটিয়েছে, সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে এ লড়াইয়ের দিকে টেনে এনেছে। এমতাবস্থায় একটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে- নেতানিয়াহু যখন নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে জানা যাচ্ছে, তখন ওয়াশিংটন কি ইসরাইলকে কূটনীতির পথে পরিচালিত করতে পারবে?
কুয়েতে ইরানের হামলা : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হুমকি-ধমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোকে অব্যাহতভাবে লক্ষ্যে পরিণত করছে ইরান। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তারা ইরানের ড্রোন হামলা ঠেকিয়েছেন। তবে ধ্বংসাবশেষ পড়ে অন্তত দুই ইতালীয় নিহত ও কয়েকজন আহত হয়েছেন। একই দিনে হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলা ও অগ্নিকাণ্ড ঘটে।
ইসরাইলের একক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি : ইসরাইলি সামরিক মুখপাত্র এফি ডেফ্রিন বৃহস্পতিবার সরকারি সম্প্রচারমাধ্যম কানকে জানান, ইরানের বিরুদ্ধে এককভাবে পদক্ষেপ নিতে ইসরাইল প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি ও যে কোনো মুহূর্তে কঠোর আঘাত হানতে প্রস্তুত-এমনকি মার্কিনিদের সহায়তা ছাড়াই, এককভাবে।’ তিনি জানান, ইসরাইলকে ধ্বংসের লক্ষ্য থেকে ইরান সরে আসেনি; যদিও ইসরাইলি জনগণের জন্য সামরিক নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি। সূত্র জানায়, নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনকে আরেকটি সামরিক অভিযানের পক্ষে সমর্থন দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এমনকি নতুন করে সামরিক পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরতে চলতি মাসের শুরুর দিকে তিনি মোসাদ প্রধান রোমান গোফম্যানকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের প্রস্তুতির মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তবে, নতুন কোনো সামরিক অভিযান শুরুর বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
ইসরাইলের প্রতি ওয়াশিংটনের বার্তা : এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরাইলের আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নিয়ে অত্যন্ত স্পষ্ট ও অকপট মন্তব্য করেছেন। বুধবার জার্মান ব্যবসায়ী ম্যাথিয়াস ডপফনারের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে কুশনার বলেন, ইসরাইলের উচিত ‘সার্বক্ষণিক যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতির দিকে মনোযোগ দেওয়া।’ এর দুদিন আগে নিউইয়র্ক ম্যাগাজিন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করেন, গাজা বিষয়ক দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করলে ইসরাইল বিশ্বমঞ্চে একঘরে হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে।
ইসরাইলের অভ্যন্তরেই বিরোধিতা : নেতানিয়াহু বারবার হামলা চাইলেও বিরোধিতার সুর আসছে ইসরাইলের ভেতর থেকেই। সামরিক প্রধান ইয়াল জামির এবং মোসাদের গবেষকরা মনে করেন, নতুন কোনো সামরিক অভিযানের তাৎক্ষণিক প্রয়োজন নেই। অন্যদিকে, ইসরাইলের কিছু নিরাপত্তা কর্মকর্তা তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখার পক্ষপাতী।
ইয়েমেনে সৌদির বিমান হামলা : ইয়েমেনের রাজধানী সানাসহ হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। রিয়াদে হুথির ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার এসব হামলা হয়। একই সময়ে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষও তীব্র হয়েছে। হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের বরাতে এএফপি জানায়, বৃহস্পতিবার সকালে সানায় সৌদি বিমান হামলার খবর পাওয়া যায়। রাজধানীর বিমানবন্দর এলাকায় ধোঁয়া উঠতে দেখেছেন এএফপির এক সাংবাদিক।
হুথি সংবাদমাধ্যম আল-মাসিরা জানিয়েছে, সানার বানি আল-হারিস এলাকায় একটি কারখানা ও কয়েকটি গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে রাতে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার পথে প্রতিহত করা হয়েছে। ইয়েমেনের পশ্চিমাঞ্চলের দিকে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং লোহিত সাগর উপকূলের জেদ্দা অঞ্চলে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনীর অভিযানে ২৭ হুথি সদস্য নিহত হয়েছেন।
