Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক

৮ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার

যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে ৪ লাখ ৪০ হাজার টন গম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সরকার আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ২৫ হাজার টন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। চারটি প্যাকেজের আওতায় ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করা হবে। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে এসব জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে তিনটি প্যাকেজের জ্বালানি তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। অন্য প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। জ্বালানি তেল আমদানির মধ্যে রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন। বিপিসির প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ৬০ হাজার টন গ্যাস অয়েল বা ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ ডলার। এ প্যাকেজে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। সবকটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। যাচাই-বাছাই শেষে সর্বনিু দরদাতা হিসাবে ট্রাফিগুরাকে নির্বাচন করা হয়েছে।

৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি : যুক্তরাষ্ট্র থেকে সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে গম আমদানিতে ব্যয় বাড়ছে। গত বছরের ডিসেম্বরে প্রতি টন গম ৩১২ দশমিক ২৫ মার্কিন ডলারে কিনেছিল সরকার। এবার একই দেশ থেকে প্রতি টন গম কেনা হচ্ছে ৩৪৭ দশমিক ৭৫ ডলারে। এবার ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। অর্থাৎ এক বছরের ব্যবধানে টনপ্রতি দাম বেড়েছে ৩৫ দশমিক ৫০ ডলার। ৪ লাখ ৪০ হাজার টন গমের হিসাবে শুধু এই দর বৃদ্ধির কারণে বাড়তি ব্যয় হবে প্রায় ১৯৫ কোটি টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এবার ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। প্রয়োজনে এর সঙ্গে আরও ৪৪ হাজার টন গম কেনার সুযোগও রাখা হয়েছে।

সব মিলিয়ে গম আমদানির পরিমাণ ৪ লাখ ৮৪ হাজার টন পর্যন্ত হতে পারে। তবে অতিরিক্ত গম কেনা হলে একই দর প্রযোজ্য হবে কি না, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা তা নিশ্চিত করে জানাতে পারেননি। এ গম সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড। গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ২ লাখ ২০ হাজার টন গম কেনার চুক্তি হয় টনপ্রতি ৩০২ দশমিক ৭৫ ডলারে। এরপর দ্বিতীয় দফায় একই পরিমাণ গম কেনা হয় ৩০৮ ডলারে। ডিসেম্বরে তৃতীয় দফায় আরও ২ লাখ ২০ হাজার টন গম কেনার অনুমোদন দেওয়া হয় ৩১২ দশমিক ২৫ ডলারে। অর্থাৎ প্রতিবারই যুক্তরাষ্ট্র থেকে গম কেনার দর বেড়েছে। এবারের দর আগের তিন দফার তুলনায় বেশি। গত ডিসেম্বরে কেনা গমের দরের তুলনায় এবার টনপ্রতি ৩৫ দশমিক ৫০ ডলার বেশি দিতে হচ্ছে। আর গত বছরের জুলাইয়ের প্রথম দফার তুলনায় দাম বেড়েছে ৪৫ ডলার বা প্রায় ১৫ শতাংশ। এছাড়া খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ১২৬ কোটি ৩৫ লাখ টাকার দুটি ব্যয়ের প্রস্তাব, কানাডা ও সৌদি আরব এবং কাফকো থেকে ৫৪৩ কোটি টাকার সার কেনা, চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েল গেজে রূপান্তরের কাজ, টিসিবির জন্য ১৮২ কোটি টাকার চিনি-মসুর ডাল কেনা এবং কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গোপালগঞ্জকাণ্ডে সতর্ক নেতারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে বিশেষ নজর বিএনপির

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতিতে বিশেষ নজর বিএনপির

ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ৮ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার

৮ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্র-ইসরাইলের পালটাপালটি অবস্থান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের পালটাপালটি অবস্থান

বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি হলেই শিক্ষার্থীর তথ্য যাবে ইউজিসিতে: শিক্ষামন্ত্রী

ভর্তি হলেই শিক্ষার্থীর তথ্য যাবে ইউজিসিতে: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম