সাজা ভোগ করা বিদেশি বন্দিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কোনো অপরাধে সাজা ভোগ করার পরও প্রত্যাবাসনের ব্যবস্থা না করে কারাবন্দি রাখা হয়েছে, এমন বিদেশিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১০ মার্চ তারিখ ধার্য রেখেছেন আদালত। এ সময়ের মধ্যে কারা মহাপরিদর্শককে তালিকা দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত।
রিট আবেদন থেকে জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০২২ সালের ১৯ জানুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর থানার বাসিন্দা গোবিন্দ উড়িয়াকে আটক করেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী-বিজিবি’র সদস্যরা। ওইদিনই আটক ব্যক্তিকে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করে তার নামে মামলা করেন বিজিবির হাবিলদার মো. রশিদ প্রধান। অভিযোগ গঠনের সময় অনুপ্রবেশের দোষ স্বীকার করে নেন গোবিন্দ উড়িয়া। ফলে অভিযোগ গঠনের দিনই মামলার রায় দিয়ে দেন বিচারক। দোষ স্বীকার এবং অতীতে অনুপ্রবেশের অভিযোগ না থাকায় আদালত গোবিন্দ উড়িয়াকে ২ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামি ইতোপূর্বে মামলা সংশ্লিষ্টতায় কারাবাস করে থাকলে উক্ত কারাবাসকালীন দণ্ডবিধির ৩৫ক ধারা অনুসারে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়। সে অনুসারে রায়ের দিন অর্থাৎ ২০২২ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত গোবিন্দ উড়িয়া চারদিন বেশি হাজতবাস করে ফেলেছেন।
