স্বজনের গল্প
কদম ফুলের বিষাদ
শাম্মী তুলতুল
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টিনের চালে টুপ টুপ বৃষ্টির শব্দ শুনে কদমী বের হয়ে দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন সে উঠোনে শুকাতে দেওয়া কাপড়গুলো তড়িঘড়ি করে ঘরে নিয়ে আলনায় শুকাতে দিল।
মা হাঁক দিল, ‘কিরে কদমী, কাপড় নিয়ে এসেছিস?’
‘হ্যাঁ মা, এনেছি।’
একটা নিশ্বাস ফেলে কদমী আবার জানালায় মুখ করে বসল। বৃষ্টির হালকা হালকা পানির ছিটা তার মুখ বেয়ে পড়ছিল। কদমী ফিরে গেল সেই দুর্বিষহ দিনে।
ফাহিম আর কদমীর প্রথম পরিচয় ইন্টার প্রথম বর্ষে। কলেজে উঠতেই। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। বৃষ্টি এলেই ফাহিম রোজ একটা করে কদম ফুল উপহার দেয় কদমীকে। কদমীরও কদম ফুল খুব পছন্দ। এমন এক বৃষ্টিময় দিনে কদমীর জন্ম হয়েছিল। তাই মা নাম রেখেছিল কদমী। কদম ফুল থেকে কদমী। দিন যায়, দিন আসে, তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়। ফাহিম পারে না পৃথিবীর সব কদম ফুল তার খোঁপায় গুঁজে দিতে।
তারা বিয়েও করবে বৃষ্টির দিনে। ঠিক করেছিল ফাহিম। ফাহিমের বর্ষা খুব পছন্দের। আর তার কদমীর জন্মও বৃষ্টির দিনে। সোনায় সোহাগা। সেদিন কলেজ থেকে ফেরার সময় ফাহিম বলে, ‘তোমার-আমার বাসর সাজবে কদম ফুল দিয়ে। দরজায় ঢুকতেই কদম ফুল দিয়ে সাজিয়ে রাখব দরজা-জানালা।’
‘আচ্ছা।’
‘হুম, এরপর খাট। আরেকটা আইডিয়াও আছে।’
‘কী?’
‘আমাদের খাটের ডিজাইন হবে কদম ফুলের ডিজাইনে।’
‘ধুর পাগল! লোকে হাসবে।’
‘কেন, হাসার কী হলো?’
‘এমন পাগলামি এখন সবাই করে। তবে আমি আলাদা, আমি ইতিহাস করব।’
‘আচ্ছা, এত সোজা?’
‘দেখে নিও, ফাহিম যা বলে তাই করে।’
‘দেখা যাবে তোমার অবস্থা। আগে পড়া শেষ কর। চাকরিটা পাও।’
‘আরে এসব হয়ে যাবে ভেব না।’
ফাহিমের বাবা অনেক উচ্চবিত্ত মানুষ। গ্রামে অনেক নাম-ডাক। কদমী সব সময় ভাবে তার পরিবার মেনে নিলেই হয়। আর কেন জানি তার মনে নানা অনাকাঙ্ক্ষিত চিন্তা ভর করে। এত সুখ সইবে তো! ফাহিম তাকে পাগলের মতো ভালোবাসে। কদমী সেদিন তার প্রস্তাব না করে দিলে সে হয়তো মরেই যেত। বাবাকে হাজার ভয় পাওয়া সত্ত্বেও ফাহিমকে না করতে পারেনি সে। ফাহিম না করার মতো ছেলেও ছিল না। গ্রামে তার ভদ্রতার সুনাম আছে। কলেজে ওকে শিক্ষকরা অনেক ভালোবাসে। কিন্তু ফাহিমের বাবা উচ্চবিত্তের সঙ্গে সঙ্গে অহংকারীও। তাই কদমী সব সময় ভয়ে থাকে।
কদমী জানে, যদি ওদের মেনে না নেয় তবে ফাহিম তার বাবাকেও মানবে না। কিন্তু কদমী সেটা চায় না। সে ফাহিমের বদনাম হোক বা তার জন্য ভালো ছেলেটা এমন হয়ে গেছে-এ কথা রটুক তা চায় না। তাই সে সব সময় দোয়া করে যেন সব কিছু ভালোয় ভালোয় হয়।
একদিন কদমীর জন্মদিন। ফাহিম প্রমিস করেছিল তার জন্মদিনে পঞ্চাশটা কদম ফুল এনে তাকে উইশ করবে। কিন্তু কদম ফুল তেমন একটা পাওয়া যায় না। কষ্ট হয় খুঁজতে। তাই সে কদমীর জন্মদিনের এক সপ্তাহ আগে থেকেই ফুল জোগাড় করা শুরু করল। ফাহিম প্রায় সব ফুল জোগাড় করেই ফেলেছিল। একটা ফুল বাকি ছিল কেবল। সেই একটা ফুলও ফাহিমের চাই। এরমধ্যে কদমীর জন্মদিনের তারিখ চলে এলো। কিন্তু সারা দিন ফাহিমের কোনো কল এলো না। কদমী ভাবল হয়তো ব্যস্ত। কিন্তু কদমীর মন মানল না। এতক্ষণ পর্যন্ত ফাহিম কথা না বলার মানুষ না। সে কল দিল। যেখানে কদমী এক কল দিতেই ফাহিম কল ধরে, সেখানে ফাহিম পাঁচবারেও কল ধরল না।
কদমীর চিন্তা বেড়ে গেল। একের পর এক কল দিতে থাকল সে। ছয় বারে রিসিভ হলো। একজন কল ধরেই বলল, ‘আপনি যাকে খুঁজছেন সে মারা গেছে!’
কদমী আকাশ থেকে পড়ল। তার পায়ের মাটি সরে গেল। সে কল কেটে চিৎকার করে কাঁদতে লাগল। চিৎকার দিয়ে বলল, ‘তুমি আমাকে ছেড়ে যেতে পার না। আমার জন্মদিনে তোমার মৃত্যু উপহার দিতে পার না।’
অনেক উঁচু একটা গাছ থেকে নিজেই কদম ফুল ছিঁড়তে গিয়ে ফাহিম বিদ্যুতের তারের সঙ্গে লেগে নিচে পড়ে মারা যায়। পুরা এলাকাবাসীর চোখের জলে ফাহিমকে কবর দেওয়া হলো। কদমীর জন্মদিনের পঞ্চাশটা কদম ফুল দিয়ে ফাহিমের কবর সাজিয়ে দেওয়া হলো।
কদমী এখন প্রায়ই ফাহিমের কবরে ভাইকে দিয়ে কদম ফুল পাঠায় বৃষ্টির দিনে। আর বিড় বিড় করে বলে, ‘বৃষ্টি কখনো আমার ছিল না তুমি ছিলে না বলে।’ চট্টগ্রাম
