জিকোকে না ডাকার ব্যাখ্যা দিলেন কাবরেরা
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভিয়েতনামের বিপক্ষে ২৬ মার্চ প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। সোমবার ঢাকায় শুরু হওয়া ক্যাম্পের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। দলে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকোর। এ নিয়ে ফুটবল মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। গুলশানের টিম হোটেলে ক্যাম্পে যোগ দেওয়া ফুটবলারদের সঙ্গে কথা বলার সময় নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন কাবরেরা। চলমান লিগে কিংসের হয়ে ছন্দে থাকা জিকোর প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্লিন শিট শুধু গোলকিপারের একার কৃতিত্ব নয়। আমরা দলে তরুণ গোলকিপারদের সুযোগ দিতে চাই। ইশাক আকন্দ ভালো করছে। আমাদের খেলার ধাঁচের সঙ্গে সে মানানসই।’ ক্যাম্পে চার গোলকিপার ডাক পেয়েছেন। তারা হলেন-মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ ও মো. সুজন হোসেন। যদিও চলতি মৌসুমে শ্রাবণ ক্লাবের হয়ে খুব বেশি ম্যাচ খেলেননি, তবু তাকে সম্ভাবনাময় গোলরক্ষক হিসাবে দেখছেন কোচ। কাবরেরার ভাষ্য, ‘জিকো বেশি ম্যাচ খেললেও শ্রাবণ বাংলাদেশের অন্যতম প্রতিভাবান গোলকিপার। তাকে দলে না নিলে সেটা দায়িত্বহীনতা হতো।’ এদিকে ৩১ মার্চ বাফুফের সঙ্গে কাবরেরার চুক্তি শেষ হচ্ছে। নতুন চুক্তি প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, ‘আমি আগ্রহী। ফেডারেশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
