ভারতের কাছে হারের পর
বাটলারের কড়া বার্তা মনিকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামের আলো তখনো নেভেনি। বাংলাদেশের ডাগআউটে অস্বস্তির নীরবতা। ভারতের কাছে ৩-০ গোলে হারার পর নতুন বিতর্ক। বিতর্ক আরও উসকে দিয়েছেন কোচ পিটার বাটলার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে কোনো রাখঢাক করেননি ইংলিশ কোচ। হারের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি। সরাসরি স্বীকার করে নেন ব্যর্থতা। তার কণ্ঠে ছিল হতাশা, সতর্কবার্তাও।
‘কোনো অজুহাত নেই। আমরা স্রেফ হেরে গেছি।’ বাটলারের এই সংক্ষিপ্ত মন্তব্যে ফুটে উঠেছে পুরো চিত্র। তার মতে, ‘সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে না পারাই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দল প্রয়োজনীয় দৃঢ়তা দেখাতে পারেনি, যার মূল্য দিতে হয়েছে বড় ব্যবধানে হেরে।’
শুধু মাঠের পারফরম্যান্স নিয়েই নয়, খেলোয়াড়দের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন কোচ। ভারতীয় ফুটবলারদের উদাহরণ টেনে তিনি বলেন, ‘মাঠে নামার আগে তাদের যে মানসিকতা দেখেছি, বাংলাদেশের কিছু খেলোয়াড়ের মধ্যে সেটির ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক ফুটবলে টিকে থাকতে হলে শুধু দক্ষতা নয়, পেশাদার মনোভাব, শৃঙ্খলা এবং আত্মনিবেদনও সমান গুরুত্বপূর্ণ। বাটলার পরিষ্কার করে দিয়েছেন, তার দৃষ্টি শুধু এই টুর্নামেন্টেই নয়, আগামীর কথা ভেবেই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। কোচের বিশ্বাস, জাতীয় দলের কয়েকজন অভিজ্ঞ ফুটবলার ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। নতুন প্রজন্মকে জায়গা করে দিতে সাহসী সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প নেই।
এখানেই উঠে এসেছে মনিকা চাকমার নাম। বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য এই মিডফিল্ডার দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে ভারতের বিপক্ষে একাদশে ফিরেছিলেন। কিন্তু প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি তাকে। ম্যাচ শেষে মনিকাকে নিয়ে বাটলারের মন্তব্য সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। কোচ বলেন, ‘মনিকা হয়তো ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছে। সে চোটে ভুগছে। আগের মতো আর নেই।’ কোচের এই মন্তব্য জাতীয় দলে মনিকার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে মাঝমাঠের নেতৃত্ব দেওয়া এই অভিজ্ঞ ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষের দিকে এগোচ্ছে? উত্তর সময়ই দেবে।
