ফাইনালে ওঠার লড়াই শোকের আবহে
সাফ নারী ফুটবলে আজ বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি-বাফুফে
|
ফলো করুন |
|
|---|---|
সাফ নারী ফুটবলের মুকুট ধরে রাখার লড়াইয়ে আর কোনো ‘দ্বিতীয় সুযোগ’ নেই। সেমিফাইনালে আজ শক্তিশালী নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে লড়াই। কাগজে-কলমে সেমিফাইনাল। বাস্তবে অনেকের কাছে এটি ‘অলিখিত ফাইনাল’। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় দুই শক্তি বাংলাদেশ ও নেপাল। গত দুই আসরের ফাইনালে নেপালকে হারিয়েই শিরোপা জিতেছেন লাল-সবুজের মেয়েরা। সেই স্মৃতি আজও বাংলাদেশের আত্মবিশ্বাসের বড় উৎস। এবারের বাস্তবতা কিছুটা ভিন্ন। হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও এখনো চ্যাম্পিয়নসুলভ ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ। মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে শুভ সূচনার পর ভারতের বিপক্ষে ৩-০ গোলে হার পুরো দলকে নাড়িয়ে দিয়েছে। সাত বছর পর ভারতের কাছে পরাজয় দলের পারফরম্যান্স নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। ধারহীন আক্রমণভাগ, মাঝমাঠে সৃজনশীলতার অভাব এবং সমন্বয়হীন ফুটবল উদ্বেগ বাড়িয়েছে। আফঈদা খন্দকার, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমাদের মতো নির্ভরযোগ্য ফুটবলাররা নিজেদের সেরা ছন্দে নেই। কোচিং স্টাফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলকে মানসিকভাবে চাঙা করা। এরই মধ্যে বাংলাদেশ শিবিরে নেমে এসেছে গভীর শোক। মিডফিল্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম মঙ্গলবার ভোরে মারা গেছেন। দুঃসংবাদ গোটা দলকে শোকাভিভূত করেছে। মায়ের শেষ বিদায়ে উপস্থিত থাকতে পারছেন না শিউলি। গোয়া থেকে ঢাকা হয়ে ময়মনসিংহে পৌঁছানোর জটিলতায় সেই সুযোগ আর হয়ে ওঠেনি। শোকের মাঝেও অসম্ভব মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন এই ফুটবলার। শোককে বুকে চাপা দিয়ে কাল বিকালে দলের সঙ্গে হালকা ওয়ার্মআপে অংশ নিয়েছেন তিনি। সতীর্থরা এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন। আজকের ম্যাচে তাই বাংলাদেশের লড়াই শুধু ফাইনালে ওঠার নয়, শোকাহত এক সতীর্থের জন্যও।
নেপালের অপেক্ষা প্রতিশোধ নেওয়ার জন্য। টানা দুই ফাইনালে বাংলাদেশের কাছে হারার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে হিমালয়ের দেশটি। সেমিফাইনালকে তারা দেখছে নতুন ইতিহাস লেখার মঞ্চ হিসাবে। নেপালের কোচ নবীন নিউপানি বলেন, ‘আমরা আগের ভুল থেকে শিক্ষা নিয়েছি। বাংলাদেশ শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলাটা সহজ হবে না। নিজেদের পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে চাই।’ ম্যাচের গুরুত্ব বিবেচনায় মাঝমাঠ আরও শক্তিশালী করতে নেপাল থেকে উড়িয়ে আনা হয়েছে প্রীতি রাইকে। এতে বোঝা যায়, এই ম্যাচকে কতটা গুরুত্ব দিচ্ছে নেপাল।
