ফুটবলের পর এবার ক্রিকেটে মালয়েশিয়া
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। ফুটবলের পর এবার ক্রিকেটেও দেখা হচ্ছে দুদেশের। এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া। এশিয়াড ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে শনিবার। জাপানের নিশিনে এদিন গ্রুপপর্বের শেষ দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বি-গ্রুপ থেকে মালয়েশিয়া ও হংকং এবং এ-গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল ও আফগানিস্তান। আইসিসি টি ২০ র্যাংকিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। আগামীকাল শুরু হবে শেষ আটের লড়াই।
মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায় নিশিনে চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে বি-গ্রুপের শীর্ষ দল মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন সকাল ৬টায় শ্রীলংকার প্রতিপক্ষ এ-গ্রুপের শীর্ষ দল নেপাল। সোমবারের প্রথম দুই কোয়ার্টার ফাইনালে লড়বে পাকিস্তান ও হংকং এবং গত এশিয়াডের দুই ফাইনালিস্ট ভারত ও আফগানিস্তান। দুদিনই বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। ফলে শেষ আটের চারটি ম্যাচই পরিত্যক্ত হতে পারে। সেক্ষেত্রে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।
সেমিফাইনালে পদকের লড়াইয়ে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান। গত এশিয়াডে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। সেবার কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে দুই রানে হারিয়েছিল টাইগাররা। আন্তর্জাতিক টি ২০তে এখন পর্যন্ত ওই একবারই মুখোমুখি হয়েছে দুদল। মালয়েশিয়ার কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। কাল ওমানের বিপক্ষে তাদের শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জেতায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া।
