|
ফলো করুন |
|
|---|---|
জাপানে এখন বর্ষার মৌসুম নেই। সূর্যোদয়ের দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হয় সাধারণত জুনের শুরু থেকে মধ্য জুলাই পর্যন্ত। সেপ্টেম্বরের শেষ নাগাদ বর্ষা বিদায় নেয় পুরোপুরি। জাপানের নিশিনে এশিয়ান গেমস টি ২০ ক্রিকেটের আসর বসেছে। সেখানে বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনালসহ একাধিক ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে। এই কদিন লিটন দাসরা পুরোদস্তুর অনুশীলনও করতে পারেননি।
নিশিনে বুধবারও দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘে ঢাকা থাকলেও সূর্য উঁকি দিয়েছে। রোদ হেসেছে মেঘের ঘোমটা সরিয়ে। বাংলাদেশ দল সেই সুযোগে মাঠে নেমে পড়ে অনুশীলনে। কাল জাপান থেকে পাঠানো বিসিবির এক ভিওিবার্তায় ইয়াসির আলী বলেন, ‘আলহামদুলিল্লাহ, জাপান আসার পর মনে হয় এই প্রথম আমরা রোদ দেখলাম। ভালো লাগছে, আজকে ভালোভাবে একটু মাঠে আমরা নামতে পেরেছি। ইনশাআল্লাহ, কালকেও (আজ) রোদ থাকবে। আশা করি, ইনশাআল্লাহ আমরা ভালো ওয়েদার পাব খেলার জন্য।’ তিনি যোগ করেন, ‘আমরা সব সময় মানসিকভাবে নিজেদের প্রস্তুত রাখি। যতটা সম্ভব নিজেদের মাঠের মধ্যে রাখার চেষ্টা করি। যেমন, দলের সবাই মিলে আমাদের একটি জিম সেশন ছিল। আমরা সেটা করতে পারিনি। তবে মাঠে এসেছিলাম, ফুটবল মাঠে অনুশীলন করেছিলাম, ফুটবল খেলেছিলাম। আমি মনে করি, আমরা যতটুকু পেরেছি, মানসিকভাবে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছি।’ এদিন অনুশীলনে উইকেট দেখেছেন ইয়াসির। তার মতে, উইকেট ভালো। বলেন, ‘উইকেট দেখেছি। দেখে ভালো উইকেটই মনে হচ্ছে। ইনশাআল্লাহ, ভালো উইকেটে আমরা খেলব।’
আজ সকাল ৬টায় প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এই ম্যাচ মাঠে গড়িয়েছে, না বাদ সেধেছে বৃষ্টি, তা এতক্ষণে জেনে গেছেন পাঠক। পাকিস্তান এখন আর শক্তিশালী দল নয়। তবু ইয়াসির বলেন, ‘আমি ওদের নড়বড়ে দল বলব না। তারা খুব ভালো দল। ক্রিকেট মাঠে যখন আমরা নামি, তখন সবাই ভালো দল। যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব ইনশাআল্লাহ।’
