বরিশালে ‘বড় ক্রিকেট’
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ডিসেম্বরে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বসছে ঘরোয়া ক্রিকেটের বড় আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন তিন ফরম্যাটের ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি থ্রি’ টুর্নামেন্টের টি ২০ পর্ব শুরু হবে বরিশাল থেকে। ছয় দলের এ প্রতিযোগিতার সূচি অনুযায়ী ১৫ ডিসেম্বর টি ২০ ম্যাচ দিয়ে আসর শুরুর কথা রয়েছে। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম বলেছেন, ‘আমরা চাই বরিশালে সবচেয়ে বেশি খেলা হোক। কারণ এটি নতুন স্টেডিয়াম। আস্তে আস্তে দেশের অন্যান্য নতুন স্টেডিয়ামেও খেলা হবে।’
বৃহস্পতিবার স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। শাহনিয়ান বলেন, ‘ডিসেম্বরে বরিশালের স্টেডিয়ামে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টি ২০ টুর্নামেন্ট হবে। তারকা খেলোয়াড়রা বরিশালে আসবেন। খেলাপ্রেমীদের সংখ্যাও বাড়বে। এখান থেকে ক্রিকেটের উন্নয়ন ঘটবে, নতুন খেলোয়াড় তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলকে বরিশালে আনতে চাই। এখানকার সবচেয়ে বড় ইভেন্ট হবে এটা। ডিসেম্বরে আমরা বরিশালবাসীকে বড় একটি টুর্নামেন্ট উপহার দেব।’
বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘ডিসেম্বরের মাঝামাঝি টি ২০ হতে পারে এই স্টেডিয়ামে। এরপর এখানে ওয়ানডে ও চারদিনের ম্যাচ হবে। ইতিমধ্যে ছয়টি দলও হয়েছে।’ এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক মিজানুর রহমান।
