ব্যর্থতা, বিতর্ক এবং শাস্তির মুখে তিন ক্রিকেটার
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান গেমস ক্রিকেটে ভরাডুবির পর মাঠের বাইরের ঘটনাও এখন আলোচনায়। ক্রিকেটারদের ঘোরাঘুরি ও খেলার প্রতি মনোযোগের ঘাটতি নিয়ে অধিনায়ক লিটন দাসের কথায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া ঘুরতে যাওয়া তিন ক্রিকেটারের শাস্তির খবর সামনে এসেছে। জাপানে ম্যাচের আগের রাতে নাগোয়ার সাকাই এলাকায় কয়েকজন ক্রিকেটারকে ঘুরতে দেখা যায়। কেউ কেউ নাগোয়া ছেড়ে অন্য শহরেও গেছেন। এ নিয়ে শনিবার সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে লিটনের পালটা প্রশ্ন, ‘কী করলে আপনার মনে হবে খেলা গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে?’ নিজের বক্তব্যের সমর্থনে লিটন বলেন, পর্যাপ্ত অনুশীলনের সুযোগ-সুবিধা ছিল না। গেমস কর্তৃপক্ষের দেওয়া খাবারও খাওয়ার উপযোগী ছিল না। তাই বাইরে যেতে হয়েছে বলে দাবি তার। লিটনের ভাষায়, ‘এশিয়ান গেমস থেকে যে খাবার আমাদের দেওয়া হচ্ছে, সেটা যখন খাওয়ার উপযোগী হচ্ছে না, তখন তো খেতে গেলে বাইরে যেতে হবেই।’
সামনে এসেছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও। টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া এক শহর থেকে অন্য শহরে যাওয়ায় সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেনকে জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যেককে এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে। মাঠের পারফরম্যান্সও হতাশাজনক। বৃষ্টিতে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হারের পর কাল ব্রোঞ্জের ম্যাচে শ্রীলংকার দ্বিতীয় সারির দলের কাছেও ৬৩ রানে হার। ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা ক্রিকেটারদের পারফরম্যান্স ও আচরণে হতাশা প্রকাশ করেছেন। লিটনের শেষ কথা, ‘তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। অধিনায়কের দায়িত্ব থেকে এখানে পদত্যাগের প্রশ্ন আসে না। ক্রিকেটে একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। সব দিন পারফরম্যান্স একইরকম থাকবে না।’
