Logo
Logo
×

Advertisement

খেলা

এশিয়ান গেমস ক্রিকেট

পদকশূন্য বাংলাদেশ ব্রোঞ্জও লাপাত্তা

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আগেই। সূর্যোদয়ের দেশে নিভুনিভু আলোর মতো জ্বলছিল ব্রোঞ্জের লণ্ঠন। সেই আলোও নিভে গেল হাহাকার তোলা হারে। জীর্ণশীর্ণ ব্যাটিংয়ে রিক্ত-নিঃস্ব হয়ে দুর্ভিক্ষপীড়িত বাংলাদেশ দল ফিরছে খালি হাতে। শূন্য ঝুলি নিয়ে।

জাপানের যে শহরে এশিয়ান গেমস ক্রিকেটের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার বাংলাদেশ হেরে সর্বস্বান্ত হয়েছে, সেই নিশিন শব্দের অর্থ-‘প্রতিদিন উন্নতি করা।’ বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতির লেশমাত্র ছিল না। ১৬৬ তাড়া করতে নেমে ১০২ রানে অলআউট হয়ে হার ৬৩ রানে। অনেকটা নতুন মোড়কে এশিয়ান গেমস ক্রিকেটে খেলতে আসা শ্রীলংকা ছোঁ মেরে নিয়ে গেল ব্রোঞ্জ।

টসজয়ী শ্রীলংকা প্রথমে ব্যাট করতে নেমে চার ওভারে চার উইকেট হারিয়ে ধুঁকছিল। স্কোর বোর্ডে রান তখন মাত্র ২১। থারিন্দু রত্নায়েকের ৩২ বলে ৬৫ রানের অবিশ্বাস্য ইনিংস লংকানদের পৌঁছে দেয় ১৬৫/৯-এ। এরপর নুয়ান থুশারা (২/১৮) ও রত্নায়েকের (২/১৮) বল হাতে ভেলকি বাংলাদেশের ব্যাটারদের থিতু হতে দেয়নি। ইনিংস সর্বোচ্চ ২৬ রান এসেছে নয় নম্বর ব্যাটার নাসুম আহমেদের ব্যাট থেকে।

বাংলাদেশের ইনিংস যেন সাহারা মরুভূমি। প্রথম তিন ব্যাটার সাইফ হাসান, তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাস রানের খাতাই খুলতে পারেননি। ২০ রান এসেছে চারে ব্যাট করতে নামা পারভেজ হোসেনের ব্যাট থেকে। তার চেয়ে এক রান বেশি করেছেন ইয়াসির আলী। দুই অঙ্কের রান আর মাত্র দুজনের-তাওহিদ হৃদয় ছয় বলে ১১ এবং রিশাদ হোসেন পাঁচ বলে ১০।

শ্রীলংকার প্রথম চারজন ব্যাটারও ব্যর্থ হন দুই অঙ্কের রান করতে। পুষিয়ে দেন রত্নায়েকে। ২০০-র বেশি স্ট্রাইক রেটে ৬৫ রান করেন তিনি সাতটি চার ও পাঁচটি ছয়ের সহায়তায়। মোস্তাফিজুর রহমান কি ক্রমে নিজেকে হারিয়ে ফেলছেন? এই প্রশ্ন এখন তোলাই যায়। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে দুই ওভারে ৪১ রান দেওয়ার পর কাল দুই উইকেট নিতে তিন ওভারে ৪৩ রান দিয়েছেন বাঁ-হাতি পেসার।

এমন হারের পর বাংলাদেশ কোচ মোহাম্মদ সালাউদ্দিন জাতির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তার ক্ষমা প্রার্থনায় বাংলাদেশের কষ্ট কি লাঘব হবে? এরআগে তিনবার এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিয়ে প্রতিবারই পদক নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। এরমধ্যে ২০১০ এশিয়াডে জিতেছিল স্বর্ণপদক। এবার স্বর্ণ দূরে থাক, ব্রোঞ্জও সোনার হরিণ হয়ে রইল।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা ১৬৫/৯, ২০ ওভারে (সাহান আরাচিগে ৩৩, থারিন্দু রত্নায়েকে ৬৫। মেহেদী হাসান ২/১৯, সাইফ হাসান ২/২৮, মোস্তাফিজুর রহমান ২/৪৩)। বাংলাদেশ ১০২/১০, ১৭.৩ ওভারে (পারভেজ হোসেন ২০, তাওহিদ হৃদয় ১১, ইয়াসির আলী ২১, রিশাদ হোসেন ১০, নাসুম আহমেদ ২৬। ওয়ানুজা সাহান ২/১৭)। ফল : শ্রীলংকা ৬৩ রানে জয়ী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এশিয়ান গেমস ক্রিকেট পদকশূন্য বাংলাদেশ ব্রোঞ্জও লাপাত্তা

পদকশূন্য বাংলাদেশ ব্রোঞ্জও লাপাত্তা

ব্যর্থতা, বিতর্ক এবং শাস্তির মুখে তিন ক্রিকেটার

ব্যর্থতা, বিতর্ক এবং শাস্তির মুখে তিন ক্রিকেটার

ভারতের জালে ব্রাজিলের চার গোল

ভারতের জালে ব্রাজিলের চার গোল

জাতীয় ক্রিকেট লিগ সেঞ্চুরি ও পাঁচ উইকেটবিহীন প্রথমদিন

সেঞ্চুরি ও পাঁচ উইকেটবিহীন প্রথমদিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম