রুয়েলের পাঁচ উইকেট মাহমুদুলের সেঞ্চুরি
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের দ্বিতীয়দিনে রোববার আলো ছড়িয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া ওপেনার মাহমুদুল হাসান জয়। নতুন মৌসুমের প্রথম ইনিংসেই অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় দলে ফেরার লড়াইটা দারুণভাবে শুরু করেছেন তিনি। একই দিনে বল হাতে পাঁচ উইকেট নিয়ে নজর কেড়েছেন বরিশালের পেসার রুয়েল মিয়া। চার ভেন্যুতেই জমে উঠেছে লড়াই, যদিও খুলনার বিপক্ষে ইনিংস হারের শঙ্কায় রয়েছে বরিশাল।
চট্টগ্রামে রাজশাহীর ৩৬৪ রানের জবাবে দারুণ শুরু করেছে স্বাগতিকরা। ওপেনিংয়ে ১৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন মাহমুদুল হাসান জয় ও সাদিকুর রহমান। ১৭০ বলে আট চার ও দুই ছক্কায় ১০২* রান করেছেন মাহমুদুল। এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি। একই সঙ্গে তিন হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। অন্য প্রান্তে ১১৮ বলে ১২ চারে ৮৬ রানে অপরাজিত সাদিকুর রহমান। এর আগে রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন হাবিবুর রহসান সোহান, সাব্বির হোসেন করেন ৭১ রান। চট্টগ্রামের হাসান মুরাদ নেন চার উইকেট।
মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর প্রথম ইনিংসে ৩৪০ রান তোলে। তরুণ অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান খেলেন ৭৫ রানের কার্যকর ইনিংস। পরে বল হাতেও দুটি উইকেট নিয়ে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখান তিনি। রংপুরের আরিফ আহমেদ নেন চার উইকেট। জবাবে ঢাকা দ্বিতীয়দিন শেষ করেছে ছয় উইকেটে ১২০ রান।
খুলনায় প্রথম ইনিংসে ৪২৬ রান তোলে স্বাগতিকরা। কালাম সিদ্দিকীর ৯২ এবং মোহাম্মদ মিঠুনের ৮৯ রানের পর আফিফ হোসেন ৫০, শেষদিকে সফর আলী ২৯ ও আব্দুল হালিম ২১* রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন। বরিশালের হয়ে পাঁচ উইকেট নেন রুয়েল মিয়া। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার অষ্টম ফাইফার। তবে ব্যাট হাতে ধসে পড়ে বরিশাল। প্রথম ইনিংসে মাত্র ৯৪ রানে অলআউট হওয়ার পর ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও দুই উইকেটে ৪৩ রান তুলেছে তারা। ইনিংস হার এড়াতে এখনো প্রয়োজন ২৮৯ রান। সিলেটে ময়মনসিংহ প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয়। জবাবে পাঁচ উইকেটে ২৩৬ রান করেছে স্বাগতিকরা।
