মোসাদ্দেক ও নাঈমের সেঞ্চুরি ছয় উইকেট মেহেদীর
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথমদিন শনিবার সিলেট একাডেমি মাঠে ময়মনসিংহের বিপক্ষে ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রংপুরের মিম মোসাদ্দেক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। মিরপুর স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ছয় উইকেট পেয়েছেন খুলনার মেহেদী হাসান। সিলেটের আরেক মাঠে স্বাগতিকদের বিপক্ষে ১৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন মোহাম্মদ নাঈম। কক্সবাজারে চট্টগ্রামের বিপক্ষে তিন রানের জন্য সেঞ্চুরি পাননি বরিশালের মঈন খান (৯৭)।
সিলেটে নাঈমের সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে প্রথমদিন শেষে দুই উইকেটে ৩৪৩ রান করেছে ঢাকা। নাঈম ২১৫ বলে ১৩১ রান করে রিটায়ার্ড হার্ট হন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার পঞ্চম সেঞ্চুরি। জিসান আলম ৮১। মার্শাল আইয়ুব অপরাজিত ৮০ রানে। মিরপুরে শেখ মেহেদীর বোলিং তোপে রাজশাহী মাত্র ১১৯ রানে অলআউট হয়। ৩৮ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন মেহেদী। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দশমবার পাঁচ উইকেট। সফর আলী নেন তিন উইকেট। জবাবে আজিজুল হাকিমের হাফ সেঞ্চুরিতে (৫৫*) এক উইকেটে ১০৮ রান করেছে খুলনা। নয় উইকেট হাতে রেখে তারা ১১ রানে পিছিয়ে।
বরিশালের মঈন খান তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেন। জাওয়াদ আবরারের হাফ সেঞ্চুরিতে (৬৩) ২৮২ রান তোলে বরিশাল। চট্টগ্রামের হাসান মুরাদ চার উইকেট নেন। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৭২ রান করে চট্টগ্রাম। ময়মনসিংহের বিপক্ষে মিম মোসাদ্দেকের সেঞ্চুরি এবং ইকবাল হোসেন (৭৮) ও আব্দুল্লাহ আল মামুনের (৬১) হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রংপুর। প্রথমদিন শেষে প্রথম ইনিংসে তারা ছয় উইকেটে ৩৭০ রান করেছে।
