সাময়িক নিষিদ্ধ রোনাল্ডো
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধে জড়িয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। শনিবার এক বিবৃতিতে এফপিএফ জানিয়েছে, রোনাল্ডোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ গঠন করা হয়েছে। এখন বিষয়টি তদন্ত করে রোনাল্ডোকে চূড়ান্ত শাস্তি দেবে ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিশন। শাস্তি ঘোষণার আগ পর্যন্ত জাতীয় দলে নিষিদ্ধ থাকবেন ৪১ বছর বয়সি মহাতারকা।
পর্তুগিজ ফেডারেশনের শৃঙ্খলা বিধিমালা ১৬০ নম্বর ধারা অনুযায়ী ডাক পাওয়ার পরও জাতীয় দল ছেড়ে যাওয়ার শাস্তি এক থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা। নিয়ম অনুযায়ী, ক্যাম্প ছাড়ার পর রোনাল্ডোর সাময়িক নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়েছে। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে নরওয়ের বিপক্ষে ম্যাচে বেঞ্চে বসে থাকার পর ডেনমার্কের বিপক্ষেও একাদশে থাকবেন না জানতে পেরে জাতীয় দল ছেড়েছিলেন রোনাল্ডো। পরে কোচ জেসুসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুললেও ক্যাম্প ছেড়ে যাওয়ায় নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেবেন বলে জানান কিংবদন্তি। প্রকাশ্যে স্বীকারোক্তির দরুন রোনাল্ডোর শাস্তি অর্ধেকে কমে আসতে পারে। স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞার সময়কাল যদি চূড়ান্ত শাস্তি থেকে কেটে নেওয়া হয়, সেক্ষেত্রে নভেম্বরের ফিফা উইন্ডোতেই পর্তুগাল দলে ফেরার সুযোগ থাকবে রোনাল্ডোর। ডিসিপ্লিনারি কমিশন কবে চূড়ান্ত শাস্তি ঘোষণা করবে সে ব্যাপারে কিছু জানায়নি এফপিএফ।
এদিকে আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরে গোল পেয়েছেন রোনাল্ডো। ক্যারিয়ারের ৯৮০তম গোলের আগে তাকে ভালোবাসায় ভাসিয়েছেন আল নাসরের সমর্থকরা। গত পরশু রাতে রিয়াদে সৌদি প্রো লিগের ম্যাচে আল দিরিয়াহকে ৩-০ গোলে হারায় আল নাসর।
