আবুধাবি টেস্ট
দ্বিতীয়দিন বাংলাদেশ আফগানিস্তান কারোর নয়
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আবুধাবি টেস্টের দ্বিতীয়দিন বাংলাদেশের, একথা যেমন নিশ্চিত করে বলা যাচ্ছে না, তেমনি দিনটি আফগানিস্তানের, এমনটিও বলা যাবে না। বরং দিনটি টেস্ট ক্রিকেটের জন্য চিত্তাকর্ষক। শনিবার দ্বিতীয়দিনের খেলা শুরুর পর মনে হয়েছিল, বাংলাদেশ টেক্কা দিতে যাচ্ছে। কিন্তু আফগানিস্তান ক্রমশ নিজেদের মেলে ধরে সকালে আর মাত্র ২৯ রানে বাংলাদেশের শেষ দুই উইকেট তুলে নেয়। এরপর তাদের ব্যাটাররা দিনশেষে দলকে ২১১/৪ পর্যন্ত নিয়ে যান। হাতে প্রথম ইনিংসের ছয় উইকেট। আফগানিস্তান পিছিয়ে ১৩৫ রানে।
আফগানদের সামনে থেকে নেতৃত্ব দেন রহমত শাহ। অধিনায়কের ১৮৬ বলে অপরাজিত ৮৪ এবং তার আগে আবদুল মালিকের লড়াকু প্রথম ফিফটি (৬২) ও সহঅধিনায়ক ইকরাম আলিখিলের ২৬* আফগানদের অস্বস্তিতে ফেলেনি। ইবাদত হোসেন দুটি এবং হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন। বাংলাদেশ অবশ্য খানিকটা হতাশ হতে পারে দিনের শেষ ভাগে কোনো উইকেট নিতে ব্যর্থ হওয়ায়।
দিনের তৃতীয় সেশনে দ্রুত দুই উইকেট নিয়ে বাংলাদেশ ঝাঁকুনি দিয়েছিল আফগানিস্তানকে। ইবাদত হোসেনের একটি ওয়াইড বল তাড়া করে খোঁচা দিয়েছিলেন মালিক। উইকেটের পেছনে লিটন দাস উড়ন্ত ক্যাচ নেন এক হাতে। পরের ওভারে মেহেদী হাসান মিরাজের বলে শূন্য রানে স্টাম্পড আউট হন হাশমতউল্লাহ।
এর আগে ৩১৭/৮-এ দ্বিতীয়দিন শুরু করা বাংলাদেশ আর মাত্র ২৯ রান যোগ করে থামে। নাঈম হাসান ৩৫ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ সালিম চার ও ইয়ামিন আহমাদজাই তিন উইকেট নেন।
স্কোর কার্ড
বাংলাদেশ প্রথম ইনিংস ৩৪৬ (সাদমান ইসলাম ৬৭, তানজিদ হাসান ৮৩, মুমিনুল হক ৩৯, নাজমুল হোসেন শান্ত ২৯, লিটন দাস ৫৩, মেহেদী হাসান মিরাজ ২৪, নাঈম হাসান ৩৫*। ইয়ামিন আহমাদজাই ৩/৭৯, মোহাম্মদ সালিম ৪/৮২)।
আফগানিস্তান প্রথম ইনিংস
রান বল ৪ ৬
সেদিকউল্লাহ ক তানজিদ ব হাসান ১৭ ৩১ ৩ ০
মালিক ক লিটন ব ইবাদত ৬২ ১২০ ৪ ১
শহিদুল্লাহ ক হাসান ব ইবাদত ২০ ৪৪ ২ ০
রহমত শাহ ব্যাটিং ৮৪ ১৮৬ ৮ ১
হাশমতউল্লাহ স্টা. লিটন ব মিরাজ ০ ২ ০ ০
ইকরাম আলিখিল ব্যাটিং ২৬ ৯১ ৩ ০
অতিরিক্ত ২
মোট (৪ উইকেটে, ৭৯ ওভারে) ২১১
উইকেট পতন : ১/৩০, ২/৬৪, ৩/১৩৪, ৪/১৩৯।
বোলিং : হাসান মাহমুদ ১৬-৩-৩৬-১, ইবাদত হোসেন ১১-২-৫০-২, মেহেদী হাসান মিরাজ ২০-৭-৩৭-১, তাইজুল ইসলাম ২১-৪-৪৪-০, নাঈম হাসান ১০-০-৩৭-০, মুমিনুল হক ১-০-৬-০।
