সব ছাপিয়ে ভিনির লাল কার্ড
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বার্সেলোনার জার্সিতে অ্যান্থনি গর্ডন ও রিয়াল মাদ্রিদের জার্সিতে ইয়ান দিওমান্দে পেয়েছেন প্রথম গোল। আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচে জিতেছে তাদের দলও। গত পরশু রাতে ন্যুক্যাম্পে হেতাফেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় নিজেদের সেরা শুরুর রেকর্ড ছুঁয়েছে বার্সা। লিগে মৌসুমের প্রথম আট ম্যাচের সবকটি জিতল কাতালানরা। বার্নাব্যুতে আরেক ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ১০ জনের রিয়াল মাদ্রিদ। তবে সব ছাপিয়ে আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়রের লাল কার্ড। প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখার ঘটনায় মৌসুমের প্রথম এল ক্লাসিকো মিস করতে পারেন রিয়ালের ব্রাজিলীয় ফরোয়ার্ড। ঘরের মাঠে ৬২ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ১৯ বছর বয়সি আইভরিয়ান উইঙ্গার দিওমান্দে। এর ১০ মিনিট আগে বদলি হিসাবে নামা ভিনিসিয়ুস ৭২ মিনিটে ফের ভিয়ারিয়ালের জাল কাঁপিয়ে উদ্যাপনে মেতেছিলেন। কিন্তু ভিএআরে মনিটরে রিপ্লে দেখে গোল বাতিলের পাশাপাশি ভিনিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। কারণ, ওই আক্রমণের শুরুতে ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরেছিলেন তিনি। লাল কার্ড দেখে রেফারির দিকে তেড়ে গেলেও পরে বিষয়টি নিয়ে সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনি।
এদিকে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলন বর্জন করেন রিয়াল কোচ জোসে মরিনিও। তবে ঘটনার শেষ এখানেই নয়। স্প্যানিশ ফুটবলে প্রতিপক্ষের চুল টানাকে সহিংস আচরণ হিসাবে বিবেচনা করা হয়। যার শাস্তি এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তে অন্তত দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেও ২৫ অক্টোবর এল ক্লাসিকোয় খেলা হবে না ভিনির। বার্সেলোনা ম্যাচের আগে ১৮ অক্টোবর সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল। হেতাফের বিপক্ষে বার্সার জয়ে ইংলিশ উইঙ্গার গর্ডনের পাশাপাশি গোল পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুস ও জুলস কুন্দে।
