বাংলাদেশের হার
রেকর্ড সেঞ্চুরি সোবহানার
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন সোবহানা মোস্তারি। অধিনায়ক নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে গড়লেন রেকর্ডের পর রেকর্ড। তবে দুজনের দুর্দান্ত ব্যাটিংয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার ব্রিসবেনে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের কাছে নয় উইকেটে হেরেছে নিগারের দল। বাংলাদেশের দেওয়া ২২১ রানের লক্ষ্য ১৩১ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ওয়ানডে বুধবার একই মাঠে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে কাল শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আট রানে তিন উইকেট হারায় তারা। অভিজ্ঞ ফারজানা হক ১৩ বল খেলে ক্যারিয়ারে ১২ বারের মতো শূন্যতে ফেরেন। বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে এটাই সর্বোচ্চ শূন্যতে ফেরার রেকর্ড। শারমিন সুলতানা পাঁচ ও শারমিন আক্তার ফেরেন শূন্যতে। সেই ধ্বংসস্তূপ থেকেই দলকে টেনে তোলেন সোবহানা ও অধিনায়ক নিগার। চতুর্থ উইকেটে দুজনের ১৯৫ রানের জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ। সোবহানা ১৫ চার ও তিন ছক্কায় ১৩৪ বলে ১১৮ রান করেন। ওয়ানডেতে বাংলাদেশের নারী ব্যাটারদের মধ্যে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটারও তিনি। নিগার ১১৪ বলে ৭৪* রান করেন। নিগারের ধীরগতির ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোর বড় হয়নি। বাংলাদেশ ছয় উইকেটে ২২০ রান করতে পারে। অস্ট্রেলিয়ার মেগান শুট ৩৬ রানে নেন চার উইকেট। জবাবে উদ্বোধনী জুটিতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন জর্জিয়া ভল ও ফিবি লিচফিল্ড। ১২০ বলে দুজন যোগ করেন ১৬২ রান। লিচফিল্ড ৫১ বলে ৭০ রান করে ফিরলেও অবিচল ছিলেন ভল। ১৯ চারে ৯৭ বলে ১৩১* রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন। ২৮.১ ওভারে এক উইকেট হারিয়ে ২২২ রান তোলে অস্ট্রেলিয়া। ম্যাচসেরা ভল।
