আবুধাবি টেস্ট ড্র
ছোট ভুলে বড় হতাশা
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত পরশু আবুধাবিতে একমাত্র টেস্ট বাংলাদেশ হতাশার ড্র করেছে নিজেদের ভুলে। একাধিক রানআউট ও ক্যাচ মিসের দুর্ভাগ্যজনক দুর্ঘটনা বাংলাদেশকে শেষ পর্যন্ত জিততে দেয়নি। বাংলাদেশের আক্ষেপ আফগানিস্তানের জন্য আনন্দের। চতুর্থ ইনিংসে ১৪২ ওভার ব্যাট করার অসীম সাহস দেখিয়ে আফগানিস্তান টেস্ট ড্র করেছে, যা তাদের কাছে জয়ের সমান। ৪৭৯ রানের অনতিক্রম্য লক্ষ্যের পেছনে ছুটে রহমত শাহরা থেমেছেন ৩৪৬/৮-এ।
যে টেস্টে হাসান মাহমুদ বাংলাদেশের প্রথম পেসার হিসাবে হ্যাটট্রিকের অনন্য নজির তৈরি করলেন, লিটন দাস দুই ইনিংসে ফিফটি (৫৩ ও ১০২) এবং নয়টি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েন, সেই টেস্টে ফিল্ডিং শৈথিল্য এবং ছোট ছোট ভুলে প্রত্যাশিত জয় পায়নি বাংলাদেশ।
সেই সঙ্গে আফগান ব্যাটার সেদিকউল্লাহ আতালের ম্যারাথন ইনিংস (তার প্রথম টেস্ট সেঞ্চুরি, ৩৩২ বলে ১১১ রান), আট ঘণ্টারও বেশি সময় বাইশ গজে কাটিয়ে দেওয়া এবং তাদের লোয়ার অর্ডারের প্রতিরোধ-সব মিলিয়ে জয়বঞ্চিত করেছে বাংলাদেশকে। কোনো সন্দেহ নেই যে, টেলএন্ডার আফগান ব্যাটারদের ইস্পাত কঠিন দৃঢ়তাও আবুধাবি টেস্ট ড্র হওয়ার অন্যতম কারণ। এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বুধবার যমুনা স্পোর্টস লাইভে বলেন, ‘আবুধাবি টেস্ট ড্র করায় আফগানিস্তানকেও কৃতিত্ব দেওয়া উচিত। ওদের টেলএন্ডার বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেছে।’ একমাত্র টেস্টে লিটন দাসের পারফরম্যান্সের মূল্যায়ন করেছেন মিনহাজুল এভাবে, ‘লিটন আমাদের অন্যতম সেরা ক্রিকেটার। আমাদের সব সময় ওর প্রতি আস্থা ছিল যে, ও দেশের জন্য ভালো করবে।’ এর আগে মঙ্গলবার ম্যাচ শেষে নিজের আক্ষেপের কথা লুকাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘জিততে না পারা হতাশাজনক, তবে আফগানিস্তান দুর্দান্ত ক্রিকেট খেলেছে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। ছোট ছোট কিছু ভুল করেছি। পেসাররা খুব ভালো করেছে। আমি আশা করেছিলাম, স্পিনাররাও ম্যাচে প্রভাব ফেলবে।’ একমাত্র টেস্ট শেষে আরব আমিরাতে এবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ১৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। সিরিজের অপর দল আফগানিস্তান।
