টানা তিন সেঞ্চুরি করা উইকহ্যামকে নিয়ে আসছে উইন্ডিজ
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী রোববার বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এ সিরিজের জন্য বুধবার ঘোষিত উইন্ডিজের ১৫ সদস্যের টেস্ট দলে নেই সাদা বলের অধিনায়ক শাই হোপ ও পেসার আলজারি জোসেফ। দলে একমাত্র নতুন মুখ ২৩ বছর বয়সি ব্যাটার কেভিন উইকহ্যাম।
তিন সংস্করণেই টানা খেলে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের এই সময়ের সেরা ব্যাটার শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশ সফর থেকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তলানির দিকে থাকা ওয়েস্ট ইন্ডিজ আপাতত বেশি গুরুত্ব দিচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়াকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বে চোখ রেখে বিশ্রাম দেওয়া হয়েছে দারুণ ছন্দে থাকা হোপকে। ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরির হ্যাটট্রিক করে তার জায়গায় এই প্রথম জাতীয় দলে সুযোগ পেয়েছেন উইকহ্যাম। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে নিজের শেষ তিন ইনিংসেই সেঞ্চুরি করেছেন বার্বাডোজের এই ব্যাটার। এর মধ্যে সর্বোচ্চ ১৫৩ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে তার সেঞ্চুরি রয়েছে ছয়টি। এছাড়া হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। বাদ পড়েছেন কার্ক ম্যাকেঞ্জি।আলজারি জাসেফকে দলে রাখা হয়নি চোটের ঝুঁকি এড়াতে। এতে তার সম্মতি ছিল। জোসেফের বদলে প্রায় সাত বছর পর টেস্ট দলে ফিরেছেন অলরাউন্ডার কিমো পল।
রোববার ভারত থেকে বাংলাদেশে এসে ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে রোস্টন চেজের দল। ২৮ অক্টোবর মিরপুরে প্রথম টেস্ট ও ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ক্যারিবীয় দলের শেষ অ্যাসাইনমেন্ট।
ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বাংলাদেশ সিরিজ নিয়ে নিজেদের পরিকল্পনা সম্পর্কে বলেছেন, ‘চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে আমাদের অন্যতম লক্ষ্য ছিল র্যাংকিংয়ে উপরের দিকে থাকা। বাংলাদেশ সিরিজ জিতলে আমরা সেই লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে যাব। বাংলাদেশের কন্ডিশনে ওদের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং। আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহঅধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দ্য সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামা জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেডেন সিলস ও কেভিন উইকহ্যাম।
