অভিজ্ঞতায় পিছিয়ে মেয়েরা
অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের খেলোয়াড়দের উচ্চতা ও অভিজ্ঞতার সঙ্গে প্রথম ১০ মিনিট লড়াই করলেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু শেষ পর্যন্ত হারতে হলো। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি আন্তর্জাতিক নারী হ্যান্ডবলের ফাইনালে বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো ভারত। বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শেষ হয় চার জাতির প্রতিযোগিতা। প্রথমার্ধে ভারত এগিয়েছিল ১৪-৯ গোলে। বিরতির পর আক্রমণের গতি বাড়ায় তারা। বাংলাদেশের একের পর এক আক্রমণ রুখে দেন ভারতীয় গোলকিপার দীক্ষা কুমারী। তার কারণে গোলের সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের সেরা খেলোয়াড় দীক্ষা। টুর্নামেন্টের সেরা ভারতের ভাবনা শর্মা। ফাইনাল শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি।
বাংলাদেশ অধিনায়ক ইসমেতারা নিশি বলেন, ‘আমরা তো টুর্নামেন্টই পাই না। যদি নিয়মিত আন্তর্জাতিক খেলা পাই, তাহলে আমরাও অনেক ভালো করতে পারব। যত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলব, তত বেশি উন্নতি হবে, খেলোয়াড়দের দক্ষতা বাড়বে।’ অধিনায়ক বলেন, ‘ভারত অনেক ম্যাচ খেলে। ওরা সামনে বিশ্বকাপ খেলতে যাবে, কমনওয়েলথ গেমস খেলে, এশিয়ান গেমসও খেলতে পারে। আমাদের তো সে রকম খেলা হয় না, আমাদের সুযোগ দেওয়া হয় না। আমরা যদি এই গেমগুলোতে অংশ নিতে পারি, তাহলে অবশ্যই ভালো হবে। আমরাও এক সময় অনেক দূর এগিয়ে যাব।’
নিজেদের পারফরম্যান্স সম্পর্কে তার মূল্যায়ন, ‘আমাদের কোচ যেভাবে খেলতে বলেছেন, আমরা সেভাবেই চেষ্টা করেছি। মাঝে-মধ্যে একটু এলোমেলো হয়ে যাচ্ছিল।
ওদের গোলকিপার কিছু নিশ্চিত গোল বাঁচিয়ে দেওয়ায় আমরা পিছিয়ে পড়ি। আমার মনে হয়, দলের প্রত্যেক খেলোয়াড় ভালো খেলেছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে।’
