৪৬ বছর বয়সে মাঠে ফিরছেন রোনালদিনহো
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাসদুয়েক আগে যা ছিল সম্ভাবনা, সেটি এখন বাস্তব হওয়ার অপেক্ষা। সবশেষ ম্যাচের ১১ বছর পর সত্যিই প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে আগামী মাসে ৪৬ বছর বয়সে মাঠে নামবেন ব্রাজিলের এই কিংবদন্তি। নগর প্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে আগামী ১৫ নভেম্বর ঘরের মাঠে এই ম্যাচ খেলবে রাভেন্না।
গত ১৯ জুন রোনালদিনহোর সঙ্গে চুক্তির খবর জানায় সেরি-সি লিগের ক্লাব। ক্লাবের কর্ণধার হোটেল ব্যবসায়ী ইগনাসিও চিপ্রিয়ানি তার বন্ধু। অনেকে বিষয়টিকে প্রতারণা বা রসিকতা মনে করলেও গত ২০ আগস্ট রাভেন্না শহরে এসে ক্লাবের ফুটবলার হিসাবে নাম নিবন্ধন করেন সর্বকালের অন্যতম সেরা এই প্লেমেকার। তখনও ক্লাবে তার ভূমিকা নিয়ে ধোঁয়াশা ছিল। ক্লাবের কিছু শেয়ার কেনার পর রোনালদিনহো বলেছিলেন, ‘রাভেন্নার জার্সিতে ক্যারিয়ারের ৩০০তম গোল করতে পারলে দারুণ হবে। তবে খেলার বিষয়টি আমার হাতে নেই।’ অবশেষে গত পরশু রাতে এসেছে জাদুকরের মাঠে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা। এক বিবৃতিতে রাভেন্না জানিয়েছে, ‘ফুটবলবিশ্ব ভেবেছিল এটা সত্যি তো! এখন আমরা আনুষ্ঠানিকভাবে দুর্দান্ত একটি প্রত্যাবর্তনের ঘোষণা দিতে পারি। ১৫ নভেম্বর সেই জাদু, সেই হাসি এবং এমন এক প্রতিভার প্রত্যাবর্তন হচ্ছে, যা দলীয় আনুগত্য বা ক্লাবের সীমানা ছাড়িয়ে প্রজন্ম থেকে প্রজন্মের সমর্থকদের বিমোহিত করেছেন। রোনালদিনহো সেই বিরল চ্যাম্পিয়নদের একজন, যিনি ফুটবলকে নিখাদ আনন্দে রূপ দিতে পারেন।’
