Logo
Logo
×

Advertisement

খেলা

এমবাপ্পের জোড়া গোল, ইয়ামালের জোড়া মিস

১ বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ২

Advertisement

Icon

ইশতিয়াক সজীব

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কিলিয়ান এমবাপ্পে ভাসলেন জোড়া গোলের উচ্ছ্বাসে। লামিনে ইয়ামাল পুড়লেন জোড়া মিসের আক্ষেপে। ব্যালন ডি’অর রজনীর আগের রাতে দুই মহাতারকার বিপরীতমুখী পারফরম্যান্সই গড়ে দিল মৌসুমের প্রথম এল ক্লাসিকোর ভাগ্য। ২০১০ সালের নভেম্বরে রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে নিজের প্রথম ক্লাসিকোয় ক্যাম্প ন্যুতে পেপ গার্দিওলার বার্সেলোনার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিলেন জোসে মরিনিও। রিয়ালে নিজের দ্বিতীয় ইনিংসের প্রথম ক্লাসিকোয় সেই ক্যাম্প ন্যুতেই এবার মরিনিও হাসলেন জয়ের হাসি। রবিবাসরীয় মহারণে বার্সাকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে রিয়াল।

মৌসুমের প্রথম ১১ ম্যাচের সবকটি জেতা বার্সা হঠাৎ খেই হারিয়ে টানা দুই ম্যাচে হারল। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মাঠে তারা হেরেছিল ৪-২ গোলে। এবার লা লিগায় ইয়ামালদের জয়রথ থামালেন এমবাপ্পে। রাফিনিয়ার গোলে ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি কাতালানদের। লিগে ঘরের মাঠে বার্সার টানা ২৩ জয়ের দর্প চূর্ণ হয়েছে এমবাপ্পের দুই গোলে। তিন বছর পর ক্যাম্প ন্যু-জয়ের পথে রিয়ালের জার্সিতে ১১৬ ম্যাচে ১০০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন ফরাসি ফরোয়ার্ড। রিয়ালের ইতিহাসে এমবাপ্পের চেয়ে কম ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করার কীর্তি আছে শুধু ফেরেঞ্চ পুসকাস (৯৯) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১০৫)। একুশ শতকে এল ক্লাসিকোয় প্রথম সাত ম্যাচে আট গোল করা প্রথম ফুটবলার এমবাপ্পে। সব মিলিয়ে বার্সার বিপক্ষে ১১ ম্যাচে তার গোল হলো ১৪টি। এর মধ্যে ১১টিই ক্যাম্প ন্যুতে। এবারের লিগে প্রথম ১০ ম্যাচে এমবাপ্পের (১১) চেয়ে বেশি গোল করেছেন শুধু বার্সা অধিনায়ক রাফিনিয়া (১৩)। ঘরের মাঠে আক্রমণ ও বল পজেশনে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে থাকলেও ফিনিশিংয়ের দুর্বলতায় ভুগেছে বার্সা। ৪৩ ও ৭৮ মিনিটে গোলের দারুণ দুটি সুযোগ নষ্ট করেন ইয়ামাল। বিপরীতে ৪১ ও ৮৭ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে বাজিমাত করেন এমবাপ্পে। নিজেদের রক্ষণের ভুলে প্রথম গোল হজম করা বার্সাকে ৬১ মিনিটে সমতায় ফিরিয়েছিলেন রাফিনিয়া। থিবো কোর্তোয়ার অসুস্থতায় খেলার সুযোগ পাওয়া রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিন দুর্দান্ত পাঁচ সেভে হতাশ করেন স্বাগতিকদের। প্রথম হারের পরও ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই বার্সা। তবে গত দুবারের চ্যাম্পিয়নদের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে কমিয়ে এনেছে রিয়াল (২৪)। ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। আগের সাত ক্লাসিকোর ছয়টি জেতা বার্সা কোচ হান্সি ফ্লিক এই হারের জন্য ক্লান্তিকে দায়ী করেছেন। অন্যদিকে শিরোপায় চোখ রেখে মরিনিও বলেছেন, ‘এটা দারুণ জয়; কিন্তু দলের কাউকে আমি অতিরিক্ত আত্মতুষ্ট হতে দেব না। কারণ রিয়াল মাদ্রিদ শুধু ক্যাম্প ন্যুতে জেতার জন্য খেলে না। রিয়াল শিরোপা জেতার জন্য খেলে। আমাদের এগিয়ে যেতে হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘বিশৃঙ্খলা কি এই প্রথম?’

‘বিশৃঙ্খলা কি এই প্রথম?’

সাফের প্রস্তুতি জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট বিভ্রাট

জাতীয় স্টেডিয়ামে ফ্লাডলাইট বিভ্রাট

নতুন কুঁড়ি স্পোর্টস দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ৪০ খুদে প্রতিভা

দীর্ঘমেয়াদি প্রশিক্ষণে ৪০ খুদে প্রতিভা

এমবাপ্পের জোড়া গোল, ইয়ামালের জোড়া মিস

এমবাপ্পের জোড়া গোল, ইয়ামালের জোড়া মিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম