‘বিশৃঙ্খলা কি এই প্রথম?’
উলটো প্রশ্ন কোচ ফিল সিমন্সের
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন সজীব করার সিরিজের আগে ফিল সিমন্সের সংবাদ সম্মেলনে অন্য আবহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর তিনদিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়ায় তৈরি হয়েছে এই অস্বস্তিকর আবহ। বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে খেলোয়াড় ও কোচিং স্টাফের বৈঠক, নির্বাচক প্যানেলে পরিবর্তনের গুঞ্জন-সব মিলিয়ে আলোচনা বেশি মাঠের বাইরের ঘটনাপ্রবাহ নিয়ে। এমন পরিস্থিতিতে কোচ ফিল সিমন্সের বার্তা স্পষ্ট, বাইরে কী ঘটছে, এসবের চেয়ে গুরুত্বপূর্ণ মাঠের ক্রিকেট ও সিরিজের প্রস্তুতি।
সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে দলের ওপর অস্থিরতার প্রভাব কতটা পড়বে-এ নিয়ে প্রশ্ন করা হয় সিমন্সকে। সরাসরি উত্তর না দিয়ে উলটো প্রশ্ন ছুড়ে দেন কোচ, ‘আপনি আমার চেয়ে অনেক বেশি সময় বাংলাদেশে আছেন। বিশ্ব ক্রিকেটও দেখছেন অনেকদিন ধরে। কোনো ম্যাচের আগে কি এই প্রথম বিশৃঙ্খলা দেখছেন?’ দল প্রত্যাশিত ফল না পেলে কোচদের ওপর কোপ পড়ে। বাংলাদেশে কোচদের সরিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। আপনার কি মনে হয়, এটা অন্যায্য? সিমন্স বলেন, ‘এটা অন্যায্য। তবে এ প্রশ্নের উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই।’
সিমন্স জানান, এটা আদর্শ পরিবেশ নয়। এমনকি, যে সিরিজে ব্যর্থতার জন্য আশরাফুলকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে ব্যাটাররা ভুলভাল খেলেছেন, এমনটা মনে করেন না সিমন্স। বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক নতুন নয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। টেস্ট দল যখন ভালো ছন্দে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা যখন উঁকি দিচ্ছে, তখন কোচিং প্যানেলে পরিবর্তন এসেছে। সিমন্স এসব নিয়ে পড়ে থাকতে চান না। তার মনোযোগ দলের প্রস্তুতিতে। তিনি বলেন, ‘আসল বিষয় হলো, আমরা কীভাবে নিজেদের কাজ করি, সিরিজের জন্য কীভাবে প্রস্তুতি নিই। গত তিন-চারদিনে খেলোয়াড়রা দারুণ কাজ করেছে। এ দুদিনে আমরা কী করি, সেটাই গুরুত্বপূর্ণ। বাইরে কী ঘটছে, সেটা নয়; দল হিসাবে প্রস্তুতির জন্য আমরা কী করছি, সেটাই আসল।’
প্রস্তুতির সময় নিয়েও প্রশ্ন আছে। ওয়েস্ট ইন্ডিজ প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশে এসে প্রস্তুতি ম্যাচও খেলেছে। অন্যদিকে, ত্রিদেশীয় সিরিজের ব্যস্ততা শেষে বাংলাদেশ দলকে একসঙ্গে পাওয়া গেছে মাত্র দুদিনের জন্য। সাদা বলের ক্রিকেট খেলে আসা খেলোয়াড়দের নিয়ে টেস্টের প্রস্তুতি গুছিয়ে নেওয়ার সময় পাওয়া যায়নি। তবে এটিকে সমস্যা হিসাবে দেখছেন না সিমন্স। তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট। এখানে যে খেলোয়াড়রা ছিল, তারা নিজেদের কাজ করেছে। সাদা বলের ক্রিকেট খেলে আসা খেলোয়াড়রা দলের সঙ্গে যোগ দিয়েছে। সবাই মিলে গুছিয়ে নেব।’
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাংলাদেশের জন্য নিছক আরেকটি দ্বিপাক্ষিক সিরিজ নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা ধরে রাখতে বাকি ছয় টেস্টের অন্তত চারটিতে জয় প্রয়োজন বাংলাদেশের। ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও দুটি এবং আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সমীকরণ কঠিন। তবে সিমন্সের বিশ্বাস, লক্ষ্য অর্জনের সামর্থ্য দলের আছে। তিনি বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য ও আকাক্সক্ষা সবার আছে। এবারই প্রথম আমাদের সেখানে খেলার সুযোগ তৈরি হয়েছে। টেস্ট ম্যাচগুলোর জন্য সবাই পুরোপুরি প্রস্তুত থাকবে।’
নাহিদ রানাকে না পাওয়া নিয়ে কোচ বলেন, ‘নাহিদের মতো প্রতিভাবান বোলারকে মিস করব। তবে তাকে ছাড়াও আমরা অস্ট্রেলিয়ায় জিতেছি। দেশের বাইরে ভালো ক্রিকেট খেলেছি। তার জায়গায় অন্য কেউ দায়িত্ব পালন করবে।’
