জাতীয় ব্যাডমিন্টন
মোংলার জেলেকন্যার মাথায় প্রথম মুকুট
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বপ্ন ছিল বড় হওয়ার। সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক অনটন। কিন্তু হার মানেননি মোংলার মৎস্যজীবী পরিবারের মেয়ে লিকা পোদ্দার। জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সাবেক চ্যাম্পিয়ন ঊর্মি আক্তারকে হারিয়ে জীবনের প্রথম সিনিয়র জাতীয় শিরোপা জিতলেন এই শাটলার। বৃহস্পতিবার ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে নারী এককের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্মিকে ২২-২০, ১১-২১, ২১-১৮ পয়েন্টে হারান জেলেকন্যা লিকা। তিন গেমের লড়াইয়ে প্রথম গেম জেতার পর দ্বিতীয় গেমে বড় ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন তিনি। শেষ গেমে ঘুরে দাঁড়িয়ে শিরোপা নিশ্চিত করেন ২৪ বছরের এই খেলোয়াড়।
পাঁচ বছরের সিনিয়র ক্যারিয়ারে এটাই তার প্রথম জাতীয় এককের মুকুট। মোংলার দক্ষিণ কাইনমারির মেয়ে লিকা। তার বাবা স্বপন পোদ্দার পেশায় মৎস্যজীবী। নদীতে মাছ ধরে কোনো রকমে সংসার চালান। দুই বোন, বাবা-মাকে নিয়ে চার সদস্যের পরিবারে আর্থিক অনটন নিত্যসঙ্গী।
এমন কঠিন বাস্তবতার মধ্যে ব্যাডমিন্টনকে আঁকড়ে ধরে এগিয়েছেন লিকা। সার্ভিসেস দলের খেলোয়াড় না হয়েও থেমে থাকেননি তিনি। এলোরা শাটলিন একাডেমি, কাওসাকি ব্র্যান্ডের স্পনসরশিপ এবং কোচের সহযোগিতা তার এগিয়ে চলার পথে সহায়তা করেছে। একের পর এক বাধা পেরিয়ে এবার জাতীয় প্রতিযোগিতায় সাফল্যের শিখরে পৌঁছলেন তিনি। শিরোপা জয়ের পর মোংলায় মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি লিকা। কেঁদে ফেলেন তিনি। মেয়েকে নিয়ে বড় স্বপ্ন দেখতেন মা। সেই স্বপ্ন পূরণের আনন্দই যেন অশ্রু হয়ে ঝরে পড়ে নতুন জাতীয় চ্যাম্পিয়নের চোখে।
