|
ফলো করুন |
|
|---|---|
মাঠের বাইরে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন হামজা চৌধুরী। যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জরুরি চিকিৎসায় বিপুল পরিমাণ তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার। সবুজ গালিচায় যেমন লড়াকু, মাঠের বাইরেও ঠিক তেমনই এক মানবিক যোদ্ধা হামজা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেড অধিনায়ক হামজা। ‘নুজুম স্পোর্টস’-এর সহযোগিতায় আয়োজিত এক দাতব্য উদ্যোগ থেকে তিনি সংগ্রহ করেছেন এক লাখ পাউন্ডের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে হামজা জানান, সংগৃহীত অর্থের পুরোটাই ব্যয় করা হবে ‘চিলড্রেন নট নাম্বারস’ নামের একটি সংস্থার মাধ্যমে। মূল লক্ষ্য গাজার যুদ্ধাহত অসুস্থ শিশুদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। তিনি বলেন, ‘গাজার মানুষের অশেষ দুর্দশার তুলনায় এই সাহায্য হয়তো খুবই সামান্য। তবে যত ছোটই হোক, প্রতিটি প্রচেষ্টাই পরিবর্তন আনতে পারে।’
