ক্যারিবীয়দের কিস্তিমাত তিন কৌশলে
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মিরপুরে জয়ের ছক আগেই কষে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বুঝে বোলিং পরিকল্পনা সাজানো, স্পিনে চাপ তৈরি করা এবং ব্যাটিংয়ে শুরু থেকেই আগ্রাসন-এ তিন কৌশলেই দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়েছে সফরকারীরা। উইকেটের চরিত্র বুঝে একাদশ সাজানোতেও স্বাগতিকদের টেক্কা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে ঘাস কম দেখে শেষ মুহূর্তে পেসার কেমার রোচের বদলে স্পিনার জেইডেন বিশপকে খেলানোর সিদ্ধান্ত নেয় তারা। অধিনায়ক রোস্টন চেজের মতে, সিদ্ধান্তটি কাজে দিয়েছে। দুই ইনিংসে বাংলাদেশের ১৬ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। জোমেল ওয়ারিকান দুই ইনিংসে নয় উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। রোস্টন চেজ নিয়েছেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে তার ঘূর্ণিতেই ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। শনিবার জয়ের পর চেজ বলেন, ‘প্রথম ইনিংসে বল হাতে আমার পারফরম্যান্স ভালো ছিল না। সতীর্থরা আমাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। আমি দায়িত্ব নিতে চেয়েছি। পাঁচ উইকেট পেয়েছি, যা বাংলাদেশকে কম রানে আটকে রাখতে সাহায্য করেছে।’ তবে শুধু একটি ম্যাচ জিতেই খুশি নন চেজ। তিনি বলেন, ‘রান তাড়ায় আমরা চেয়েছিলাম ওপেনাররা যেন ভালো শুরু এনে দেয়। এমন পিচে দ্রুত উইকেট হারালে অনেক সময় ড্রেসিংরুমে আতঙ্ক তৈরি হয়। টেস্ট ম্যাচ জেতার অনুভূতি অন্যরকম। তবে আমরা এখানে এসেছি সিরিজ জিততে। পরের ম্যাচেও আমরা জেতার জন্য সবকিছু করব।’
