সিলেটে চ্যালেঞ্জ, প্রস্তুত স্যামি
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা টেস্টে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের জ্বালানি বাড়িয়ে নেওয়া ড্যারেন স্যামির চোখে এখন সিরিজ জয়ের স্বপ্ন। একই মানসিকতা ধরে রেখে ৫ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টও জিততে চান ওয়েস্ট ইন্ডিজ কোচ। মিরপুরে প্রথম টেস্টে বাংলাদেশের স্পিনারদের যেভাবে টেক্কা দিয়েছেন ক্যারিবিয়ান স্পিনাররা; তাতে দারুণ তৃপ্ত স্যামি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখন পর্যন্ত তিনটি টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে আসার আগে শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে আগের দুই সিরিজে একটি করে ম্যাচ জিতেছিল তারা। কিন্তু সিরিজ জেতা হয়নি। এবার সিলেটে বর্তমান চক্রে নিজেদের শেষ টেস্ট জিতে সেই আক্ষেপ ঘোচাতে চান স্যামি, ‘দ্বিতীয় টেস্টে দলের কাছে আমি একই মানসিকতা চাই। সেই সঙ্গে আরেকটু বেশি ক্ষুধা। অধিনায়ক (রোস্টন চেজ) আমাদের লক্ষ্য নিয়ে এখানে আসার পর তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সিরিজ জেতার পাশাপাশি বছরটা ভালোভাবে শেষ করাও গুরুত্বপূর্ণ।’
দ্বিতীয় টেস্টের আগে সোমবার নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলার সময় বাংলাদেশের ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্সকে বড় বাধা হিসাবে চিত্রিত করেন স্যামি, ‘ফিলকে আমি যতটুকু চিনি, সে কাজটা মোটেও সহজ হতে দেবে না। ওরাও জিততে চাইবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদেরও নিজস্ব লক্ষ্য আছে। তবে ছেলেদের মধ্যে ক্ষুধা, একাগ্রতা ও পরিশ্রমের মানসিকতা দেখছি। তাতে সিলেটে যে চ্যালেঞ্জই আসুক, আমরা প্রস্তুত। ঘরের মাঠে বাংলাদেশকে হারানো সহজ নয়, সেটা জেনেই আমরা অ্যাওয়ে সিরিজ জিতে বর্তমান চক্র শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামব।’
বাংলাদেশকে নিয়েও সমীহ ঝরল স্যামির কণ্ঠে, ‘এই সিরিজের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে ছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় টেস্ট জিতে এসেছে তারা। আমরা এর গুরুত্ব বুঝি।’
ঢাকা টেস্ট জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা দুই স্পিনার জোমেল ওয়ারিক্যান ও রোস্টন চেজকে প্রশংসায় ভাসান উইন্ডিজ কোচ। মিরপুরে স্পিনের বিপক্ষে ক্যারিবিয়ান ব্যাটারদের সাবলীল খেলার পেছনে চেন্নাইয়ের প্রস্তুতি ক্যাম্পের বড় ভূমিকা দেখছেন স্যামি, ‘সবচেয়ে স্বস্তির বিষয় ছিল আমাদের লড়াই করার মানসিকতা। এর পেছনে চেন্নাইয়ের ক্যাম্পের অবদান রয়েছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্যাটারদের নিয়ে যে কাজ হয়েছে, তার প্রতিফলন দেখা গেছে মাঠে। আমাদের স্পিনাররা খুব ভালোভাবে তাদের স্পিনারদের টেক্কা দিয়েছে। আমাদের ব্যাটাররাও তাদের চেয়ে ভালোভাবে স্পিন সামলেছে।’
