নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়িয়ে গেল
ফুল হয়ে ফুটবে কত কলি?
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রথম আসরে অংশ নিয়েছিল প্রায় দুই লাখ শিশু-কিশোর। দ্বিতীয়টিতে সেই সংখ্যাটা ছাড়িয়ে গেল ১৬ লাখ। এবার আরও বড় পরিসরে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস। দেশের চার হাজার ৫৯৯টি ইউনিয়নের ১৬ লাখ ২৩ হাজারেরও বেশি খুদে প্রতিযোগী নাম লিখিয়েছে। বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে এই ক্রীড়াযজ্ঞের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের ৫০৩টি উপজেলায় অনলাইনে সম্প্রচার করা হবে উদ্বোধনী অনুষ্ঠান।
মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুধু প্রতিযোগিতার পরিধি বাড়ানো নয়, প্রতিভাবান খেলোয়াড়দের ভবিষ্যৎ গড়ে দেওয়ার পরিকল্পনাও তুলে ধরেন তিনি। প্রথম আসর থেকে উঠে আসা ৪০ জনকে আগামী জানুয়ারিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তি করা হবে। তাদের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা, প্রশিক্ষণসহ সব দায়িত্ব নেবে সরকার। দ্বিতীয় আসরে নিবন্ধিতদের মধ্যে নয় লাখ ৪৪ হাজার ৮৩৩ জন কিশোর এবং ছয় লাখ ৭৯ হাজার ১৩৫ জন কিশোরী। প্রথম আসরে ছিল আটটি খেলা। এবার নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস।
প্রথম আসরের প্রায় এক লাখ ৬৮ হাজার প্রতিযোগীর মধ্যে ৩০৬ জনকে বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছিল। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ভর্তির সুযোগ পেয়েছে ৪০ জন। নির্বাচিতদের মধ্যে ২৮ জন কিশোরী।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রতিভা চিহ্নিত করার পর তাদের যথাযথ প্রশিক্ষণ, শিক্ষা এবং ভবিষ্যৎ গড়ে দেওয়ার ব্যবস্থাও প্রয়োজন। সেই লক্ষ্যেই নতুন কুঁড়ি স্পোর্টসকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসাবে এগিয়ে নিতে চায় সরকার।’
