খুলনায় উদ্বোধনকালে প্রধানমন্ত্রী
বাংলাদেশের ছোট বন্ধুদের জন্য নতুন কুঁড়ি স্পোর্টস
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর শুধু খুলনার শিশু-কিশোরদের জন্য নয়, এটি সমগ্র বাংলাদেশের ছোট বন্ধুদের জন্য। দেশের প্রায় ৫০০-এর বেশি উপজেলা, পৌরসভা, জেলা ও বিভিন্ন ইউনিটের শিশু-কিশোররা এ আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে। আগামী বছরের জুনে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর খুলনা মহানগরে এটিই ছিল তার প্রথম সফর।
বিকেএসপির শিক্ষার্থীদের উদাহরণ টেনে তিনি বলেন, তারা যেমন খেলাধুলায় দক্ষ, তেমনি নাচ, অ্যাক্রোবেটিকসসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পারদর্শিতা দেখিয়েছে। অর্থাৎ খেলাধুলার পাশাপাশি শিল্প-সংস্কৃতিতেও ভালো করা সম্ভব। শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘ইউ ক্যান ডু ইট। তোমরা পারো। কেউ নাচ করেছে, কেউ অভিনয় করেছে, কেউ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে, পড়ালেখা ও খেলাধুলার পাশাপাশি শিল্প-সংস্কৃতিতেও তারা দক্ষতা অর্জন করতে পারে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা প্রত্যেকেই বাংলাদেশের দূত। এই দেশের মালিক। এই দেশ তোমাদের। এই বাংলাদেশকে তোমাদের গড়ে তুলতে হবে, পৃথিবীর বুকে শক্তিশালী হিসাবে দাঁড় করাতে হবে।’ তিনি শিশু-কিশোরদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
এর আগে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে তার ছবি এঁকে উপহার দেন নায়না তাসনিম জামান। তাকে পবিত্র কুরআন শরিফও উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মো. মাহফুজুল আলম খান। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
