শেষ তিন মিনিটের নাটকীয়তা
৩ ভারত, পাকিস্তান ২
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সেই ঢাকা, সেই সাফ চ্যাম্পিয়নশিপ ভারত-পাকিস্তান উদ্বোধনী ম্যাচ। ২০০৩ সালে এই মঞ্চেই ভারতকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল পাকিস্তান। ২৩ বছর পর সেই ঢাকায় জিতল ভারত। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে সাফের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার দৌড় শুরু করল নওশাদ মুসার দল। ৩-০ গোলের লিড নেওয়া ভারত শেষ তিন মিনিটের নাটকীয়তায় দুই গোল হজম করে।
শুরু থেকে ঝড় তোলেন ভারতের তরুণ ফুটবলাররা। ১৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা বলে আলতো ছোঁয়ায় জাল খুঁজে নেন মুহাম্মদ সুহাইল আহমেদ ভাট। ছয় মিনিট পর মাঝমাঠ থেকে পাওয়া থ্রু ধরে পাকিস্তানের রক্ষণ ভেঙে নিজের দ্বিতীয় গোল করেন এই ফরোয়ার্ড। ৩২ মিনিটে ম্যাংলেংথাম কিপজেন স্কোরলাইন ৩-০ করেন। মিনিটদুয়েক পর পেনালটি পায় পাকিস্তান। কিন্তু বাংলাদেশ ফুটবল লিগে সিটি ক্লাবের হয়ে খেলা শায়ক দোস্তের শট উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও ভারতের রক্ষণ ভাঙতে পারছিল না পাকিস্তান। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত তিন গোলে এগিয়ে ভারত। এরপরই নাটক! যোগ করা সময়ের প্রথম মিনিটে জুনায়েদ শাহর ক্রস থেকে হেডে ব্যবধান কমান নাজিব উল্লাহ। তিন মিনিট পর ডান প্রান্ত থেকে আসা ক্রসে দুর্দান্ত ভলিতে গোল করেন অধিনায়ক আলমগীর গাজী। মুহূর্তেই স্কোরলাইন ৩-২। সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালিয়েও শেষরক্ষা হয়নি পাকিস্তানের।
