শ্রীলংকাকে সমীহ, তবে বাংলাদেশই ফেভারিট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিপক্ষকে সমীহ করছেন। শিরোপা জয়ে নিজেদের এগিয়ে রাখছেন হামজা চৌধুরী। সাফ চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর আজ রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। আত্মবিশ্বাসী হামজার দৃষ্টিতে সাফে ফেভারিট বাংলাদেশই। মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলনের আগে হামজা বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশই ফেভারিট। অন্তত আমি সেটাই বিশ্বাস করতে চাই।’
২০০৩ সালের পর সাফের শিরোপা জেতেনি বাংলাদেশ। এবার ঘরের মাঠে ২৩ বছরের আক্ষেপ ঘোচানোর সুযোগ। ভারত পূর্ণাঙ্গ শক্তির দল পাঠায়নি। ফিফার নিষেধাজ্ঞায় নেই নেপাল। ছয় দলের প্রতিযোগিতায় তাই স্বাগতিকদের সম্ভাবনা উজ্জ্বল।
তবে শ্রীলংকাকে হালকাভাবে নিচ্ছেন না হামজা। গত এক বছরে লংকানদের উন্নতি নজর এড়ায়নি তার। হামজার কথায়, ‘শ্রীলংকা শক্তিশালী দল। ওরা অনেক উন্নতি করেছে। তবে আমরাও এগিয়েছি। ভুটানের বিপক্ষে কঠিন ম্যাচ জেতায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।’
পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। দুই দলের আগের ১৮ সাক্ষাতে বাংলাদেশের জয় ১১টি, শ্রীলংকার পাঁচটি। বাকি দুটি ড্র। আজ ড্র করলেই সেমিফাইনালে চলে যাবে লংকানরা। বাংলাদেশ আগেই শেষ চার নিশ্চিত করায় প্রতিপক্ষের ওপরই বেশি চাপ দেখছেন হামজা। বললেন, ‘শ্রীলংকাকে হার এড়াতে হবে। তাই ওদের ওপর চাপ থাকবে। আমরা আত্মবিশ্বাসী। আশা করি জিতব।’ বাংলাদেশের দুশ্চিন্তা গোলের সুযোগ নষ্ট করা। ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও মাত্র এক গোল করেছে স্বাগতিকরা। তবে আক্রমণভাগের ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন হতে নারাজ হামজা। তার যুক্তি, ‘গোলের সুযোগ তৈরি করতে না পারলে চিন্তা করতাম। কিন্তু আমরা সুযোগ পাচ্ছি। আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে আমিও সুযোগ নষ্ট করেছি। সুযোগ কাজে লাগাতে হবে।’ রক্ষণাত্মক মিডফিল্ডার হলেও বাংলাদেশের জার্সিতে কখনো রক্ষণে, কখনো আক্রমণে বাড়তি দায়িত্ব নিতে দেখা যায় হামজাকে। এ নিয়ে কোচ টমাস ডুলির সঙ্গে আলোচনা হয়েছে তার। হামজা বলেন, ‘মাঝেমধ্যে দলকে সাহায্য করতে গিয়ে বেশি কিছু করার চেষ্টা করি। কীভাবে আক্রমণ ও রক্ষণে আরও কার্যকর হতে পারি, এ নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। আমাদের দলে অনেক সামর্থ্যবান ফুটবলার রয়েছে। সবাইকে নিয়ে সমন্বয় গড়ে তোলাই গুরুত্বপূর্ণ।’ হামজা বলেন, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। ইংল্যান্ডেও বাংলাদেশি সমর্থকরা আমাদের খেলা দেখতে আসতেন। তাদের ভালোবাসা আমার ও পরিবারের কাছে অনেক বড় ব্যাপার। সমর্থকরা সময় ও অর্থ ব্যয় করে আমাদের পাশে থাকেন। সেই ভালোবাসার প্রতিদান দিতে হলে ম্যাচ জিততে হবে, শিরোপা জিততে হবে।’
