সেঞ্চুরিয়ন টেস্ট
জীর্ণশীর্ণ হৃদয়বিদীর্ণ ব্যাটিং
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকায় এখন বর্ষাকাল। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত মুখ ভার থাকে আকাশের। বৃষ্টি হয়। সোমবারও তার ব্যত্যয় হয়নি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথমদিনের সকালের সেশনের পুরোটা ভেস্তে যায় বৃষ্টিতে। কাগিসো রাবাদাকে দেখা যায় ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে অটোগ্রাফ দিতে। শেষ পর্যন্ত অপেক্ষার অবসান হয় তিন ঘণ্টা ৪০ মিনিট পর। সেটা না হলেই হয়তো ভালো হতো। বিভীষিকাময় ব্যাটিংয়ে ৩৩.৩ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। মাত্র ছয় রানে শেষ পাঁচ উইকেট হারায় সফরকারীরা। সুপারস্পোর্ট পার্কে টেস্টের প্রথম ইনিংসে এটাই কোনো দলের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ২৩ রান আসে ওপেনার মাহফিজুল ইসলামের ব্যাট থেকে। আর কেউ যেতে পারেননি বিশের ঘরে। জবাবে এক উইকেটে ৮৮ রানে প্রথমদিন শেষ করা দক্ষিণ আফ্রিকা পিছিয়ে মাত্র তিন রানে। মার্কেস অ্যাকারম্যান ৪৬ ও জুবায়ের হামজা নয় রানে অপরাজিত। আইডেন মার্করাম আউট হন ২১ রানে। ইবাদত হোসেন নেন তার উইকেট।
এরআগে চোটাক্রান্ত টেম্বা বাভুমার অনুপস্থিতিতে টস করতে নামেন আইডেন মার্করাম। মুদ্রা নিক্ষেপে তার ভাগ্য সুপ্রসন্ন হয়। টসে হেরে নাজমুল হোসেন শান্তদের নামতে হয় ব্যাট করতে। মেঘলা আকাশ ও ভেজা আউটফিল্ড। তার ওপর পিচে ঘাস। রাবাদারা তো প্রলুব্ধ হবেনই। দ্বিতীয় ওভারেই বাংলাদেশ টের পায়, দুর্ভোগ অপেক্ষা করছে তাদের জন্য। মার্কো ইয়ানসেন প্রথম আঘাত হানেন। তানজিদ বলটা ছেড়ে দিতে পারতেন। ফুটওয়ার্কের বালাই নেই। বল ব্যাটের কানায় লেগে উড়ে যায় প্রথম স্লিপে উইয়ান মুল্ডারের হাতে। প্রোটিয়াদের দ্বিতীয় শিকার মাহফিজুল ইসলাম (২৩)। শিকারি আনরিখ নরিয়ে। সিরিজে যিনি এই প্রথম খেলছেন। আনরিখের পেসে পরাস্ত মাহফিজুল। স্টাম্প উড়ে যায় তার। একই ওভারে নিজের দ্বিতীয় উইকেট পান আনরিখ। নাজমুল হোসেন শান্তও বোল্ড। অবিশ্বাসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন বাংলাদেশ অধিনায়ক। তারপর সাজঘরমুখো হন।
চতুর্থ উইকেট মুমিনুল হকের (১৮)। তার লেগ-স্টাম্প ছিটকে দেন উইয়ান মুল্ডার। বাংলাদেশ ৬০ রানে হারায় চার উইকেট। এর মধ্যে তিনটিই বোল্ড। এরপর পাঁচ বলের ব্যবধানে সফরকারীরা দুই উইকেট হারায়। খাটো লেংথের বল ছেড়ে না দিয়ে ড্রাইভ করতে গিয়ে আউটসাইড এজ হন জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করা লিটন দাস। গালিতে অসাধারণ ক্যাচ নেন হামজা। চা-বিরতির আগে শেষ বলে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন প্রথম টেস্টের আরেক সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় (১৯)। তাকে তুলে নেন হার্মার। বাংলাদেশ ৮৫ রানে হারায় ছয় উইকেট। এরপর স্কোর বোর্ডে আর ছয় রান যোগ হতেই একে একে বিদায় নেন শরীফুল ইসলাম, জাকের আলী, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ। রাবাদা ও ইয়ানসেন নেন তিনটি করে উইকেট। নরিয়ের প্রাপ্তি দুই উইকেট।
