জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ
কে হবেন ‘মিস্টার বাংলাদেশ’
ক্রীড় প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মায়ের হাত ধরে মামার খেলা দেখতে এসেছিল মুন্না। জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের মিলনায়তনে উপচে পড়া ভিড়। মঞ্চে বডিবিল্ডাররা। কেউ কাঁধ আর বুকের গঠন তুলে ধরছেন, কেউ দেখাচ্ছেন পিঠের পেশির বিন্যাস। দর্শকাসনে ১২ বছরের মুন্নার দৃষ্টি মামার দিকেই। বলল, ‘আমিও ভবিষ্যতে মামার মতো হতে চাই।’
একই ভঙ্গি ধরে রাখতে হয় কয়েক সেকেন্ড। পাশের প্রতিযোগীও তখন একই ভঙ্গিতে। পেশির গঠন, শরীরের বিভিন্ন অংশের সামঞ্জস্য আর মঞ্চে নিজেকে তুলে ধরার দক্ষতা দেখেন বিচারকরা। ওই কয়েক সেকেন্ডের জন্যই ব্যায়ামাগারে মাসের পর মাস প্রস্তুতি চলে। বৃহস্পতিবার ঢাকায় শুরু হওয়া জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ ‘মিস্টার বাংলাদেশ’-এ অংশ নিচ্ছেন ২৫০ জনের বেশি প্রতিযোগী। তিনদিনে ১৩ ক্যাটাগরির লড়াই হবে। মিলনায়তনের বাইরে পসরা সাজিয়েছে বিভিন্ন ক্লাব ও প্রশিক্ষণকেন্দ্র। ফাঁকে স্টল ঘুরে দেখেছেন খেলোয়াড়রাও।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগামী বছর উন্মুক্ত মাঠে প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন সংসদ-সদস্য খায়রুল কবির খোকন। সভাপতিত্ব করেন বডিবিল্ডিং ফেডারেশনের সভাপতি হাবিবুল্লাহ ডন। প্রথমদিনেই পাঁচ ক্যাটাগরির প্রাথমিক ও চূড়ান্ত বিচার এবং পুরস্কার বিতরণ সূচিতে ছিল। মেনস ফিজিকে উচ্চতাভিত্তিক দুই বিভাগ, ১৬৮ সেন্টিমিটার পর্যন্ত ও তার বেশি। সঙ্গে উন্মুক্ত মাসকুলার মেনস ফিজিক, চল্লিশোর্ধ্বদের মাস্টার্স এবং প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অ্যাডাপটিভ বডিবিল্ডিং। আজ সকাল ১০টায় পুরুষদের বডিবিল্ডিংয়ের আট ওজন শ্রেণির প্রাথমিক বিচার হবে। শ্রেণিগুলো ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, ৮৫ ও ৮৫ কেজির বেশি। আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে একই আট শ্রেণির চূড়ান্ত বিচার, তারপর পুরস্কার বিতরণ। জানা যাবে এবারের ‘মিস্টার বাংলাদেশ’কে। দুদিনই প্রতিযোগীদের রিপোর্টিং সকাল সাড়ে ৯টায়।
প্রথম দিনের অনুষ্ঠান শুরু হয় প্রয়াত বডিবিল্ডার নাজমুস সাকিবকে নিয়ে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে। ১৯৯২ সালে জন্ম নেওয়া সাকিব সম্প্রতি মারা গেছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের জন্য পুরস্কৃত করা হয় তামিম আনোয়ার, আবদুল্লাহ সাইদ, ফয়সাল হাসান রনি, আজহারুল ইসলাম, আদনান হোসেন আশিক, অহনা রহমান ও শাওন সাকিবকে। আশিকুল করিম, জাহিদুর রহমান ও সোয়াদ উপস্থিত ছিলেন না। তাদের সাফল্য তুলে ধরা হয় ভিডিওচিত্রে। বিদেশে মেনস ফিজিক ওপেন ক্লাসিকে সাফল্য পাওয়া আদনান বলেন, ‘এই ইভেন্ট আমাদের এখানে প্রথমবার যুক্ত হয়েছে। আমার স্বপ্ন, বিদেশের মাটি থেকে আরও বেশি সাফল্য তুলে আনব, ইনশাআল্লাহ।’
অহনার শুরু ভাইয়ের জিমে, ২০১৮ সালে। পরের বছর ঢাকায় দেশের প্রথম নারী শরীরগঠন প্রতিযোগিতার ওপেন বিভাগে ৩০ জনের মধ্যে সেরা হন ১৯ বছরের অহনা। এখন তার বয়স ২৬। মালয়েশিয়ায় উইমেনস বিকিনি ক্যাটাগরিতে সাফল্য পেয়েছেন তিনি। বললেন, ‘বডিবিল্ডিংয়ে মেয়েদের আরও বেশি আসা উচিত। শরীর আর মন ভালো রাখার জন্য বডিবিল্ডিং উপযুক্ত খেলা বলে আমি মনে করি।’
ঢাকায় বডিবিল্ডিংয়ের শিকড় পুরান ঢাকার আখড়ায়। সেখানে কুস্তির পাশাপাশি শরীরগঠনের প্রতিযোগিতা বসত। কয়েকটি আসরে বিচারক ছিলেন প্রবীণ ক্রীড়া সংগঠক জহির চৌধুরী। স্বাধীনতার পর খেলাটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়। ১৯৮৩ সালের সরকারি গেজেটে জাতীয় ক্রীড়া সংগঠনের তালিকায় রয়েছে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন। ২০১৮ সালে নেপালে দক্ষিণ এশীয় শরীরগঠন ও ফিটনেস প্রতিযোগিতায় বাংলাদেশ জিতেছিল সাত পদক। বডিবিল্ডিংয়ে সুমন চন্দ্র দাস ও মেনস ফিজিকে ইমরানুল হক ইমরান জিতেছিলেন সোনা। সঙ্গে তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জ। ২০১৯ সালে অহনার সঙ্গে ঢাকার আসরে ছিলেন মাকসুদা আক্তার। দুই বছর পর মুম্বাইয়ের অ্যামেচার অলিম্পিয়ায় পদক জিতে তিনি হন আন্তর্জাতিক পদকজয়ী বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার।
এই মাসে দায়িত্ব নেওয়া অ্যাডহক কমিটির সভাপতি হাবিবুল্লাহ ডন চান দেশজুড়ে শরীরগঠনচর্চা ছড়িয়ে দিতে। তার পরিকল্পনায় রয়েছে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন এবং বিদেশের আসরে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানো। শনিবারের চূড়ান্ত পর্বের আগে নজর থাকবে প্রথমবার জাতীয় আসরে নামা প্রতিযোগীদের দিকেও।
