|
ফলো করুন |
|
|---|---|
চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় যখন তিনি, ঠিক তখনই বিপত্তি। নাহিদ রানা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ। পরীক্ষা করালে তার ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এই তরুণ পেসারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ছাড়পত্র পাওয়ার পর নাহিদের হাসপাতাল ছাড়ার কথা।
নতুন এই অসুস্থতায় দক্ষিণ আফ্রিকা সফরে টি ২০ সিরিজে নাহিদের খেলার সম্ভাবনা অনেকটাই অনিশ্চিত। আগামী ১০ ডিসেম্বর কিম্বার্লিতে শুরু হবে টি ২০ সিরিজ। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন নাহিদ। প্রথমে সাইড স্ট্রেইনের কারণে মাঠের বাইরে ছিটকে যান তিনি। এরপর পিঠে ব্যথা হলে তার পুনর্বাসন প্রক্রিয়া আরও দীর্ঘ হয়। নতুন করে পুনর্বাসন শুরু করেন নাহিদ। দেশে পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। সেখানে সফল পুনর্বাসন শেষে বোলিংয়ে ফেরার সবুজ সংকেত পান তিনি। আগামী ১৫ ডিসেম্বর বরিশালে শুরু হতে যাওয়া ডি থ্রি ট্রফির টি ২০ প্রতিযোগিতার মধ্য দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন বাংলাদেশের এই গতিতারকা।
মোস্তাফিজ যে কারণে আইপিএলের নিলামে নেই
এবারের আইপিএলের মিনি নিলামে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোস্তাফিজুর রহমান। তার অনীহার কারণ খুঁজতে ব্যস্ত ভারতীয় গণমাধ্যম। তাদের ধারণা, গতবার বাঁ-হাতি বাংলাদেশি পেসারকে আইপিএলে খেলতে না দেওয়াই এর কারণ। ২০২৫ আইপিএলে নিরাপত্তার অজুহাতে মোস্তাফিজকে ব্রাত্য করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সেজন্যই ফিজ এবার আইপিএলে খেলার আগ্রহ হারিয়ে ফেলেছেন। তার বদলে তিনি ঝুঁকে পড়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দিকে। আইপিএলের মিনি নিলামে কেন নাম লেখাননি, এ বিষয়ে মুখ খোলেননি কাটার মাস্টার। তবে তার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘গতবার যা হয়েছিল তার ক্ষত এখনো রয়ে গেছে। মোস্তাফিজের আশঙ্কা, আইপিএলের নিলামে অংশ নিলে তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি দল নিত না। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হতো তাকে। তাই এই সিদ্ধান্ত।’ আইপিএলের নয় মৌসুমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন মোস্তাফিজ। ২০১৬ সালে তিনি এই টি ২০ টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। আইপিএলের ইতিহাসে এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটার তিনি। আইপিএলে ৬০ ম্যাচে ৬০ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
